১৩ দিন পর ডেঙ্গুতে আবার মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফেব্রুয়ারি মাসে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত কেউ হয়ে মারা গেলেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর ১৩ দিন আগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার সাতজন ও ঢাকার বাইরে তিনজন।
এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত দুইজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুজনই ঢাকার রোগী ছিলেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই কমবেশি লক্ষ করা যাচ্ছে। বছরের এই সময় অর্থাৎ শীতকালে এর প্রাদুর্ভাব একটু কম থাকে। তারপরও এ বছর এখন পর্যন্ত ৫৮৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৮৫ জন ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর বাকি ৩০৩ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায়।
কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ২৫ জন। বাকি ১৭ জন ভর্তি অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে।