সরকার বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকা, ২৮ জুলাই
ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশ ও জনগণের কল্যাণে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিচারকেরা বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করছেন। এ অবস্থায় আসতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি রোমন্থন করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় অনেক সমস্যার সমাধান হয়েছে। বিচারকদের কার্যক্ষেত্রের সুবিধা, বেতন বৃদ্ধি, আবাসন এবং পরিবহনসুবিধার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একক ভূমিকা ছিল।

বাংলাদেশের সংবিধানকে অনেক পরিণত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, পৃথিবীর ইতিহাসে নজির নেই মাত্র ১১ মাসে এ রকম একটি সুন্দর সংবিধান উপহার দিয়েছে। যেখানে সমতা, গণতন্ত্র ও আইনের শাসনের কথা উল্লেখ রয়েছে।

দেশ ও জনগণের কল্যাণে বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর যত্নশীল হওয়ার এবং ভবিষ্যতে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ ও সচেষ্ট থাকার জোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত দায়রা জজ তাঁর দীর্ঘ ২৩ বছরের বিচার বিভাগীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কিছু স্মৃতিচারণা করে বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করা প্রত্যেক বিচারকের পবিত্র দায়িত্ব। দেশ আমাদের অনেক দিয়েছে, কিন্তু আমরা দেশকে কতটুকু দিলাম, তার হিসাবও মেলাতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এবং মহাসচিব মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রাষ্ট্রপতি সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে অংশ নেন।