শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামা ওবায়েদ ইসলাম। ১৬ নভেম্বরছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি। তবে নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামা এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্ত সম্পর্কে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল কোনো মন্তব্য করেননি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আরও পড়ুন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শামা ওবায়েদ বলেন, ‘অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও পোড়াও করছে, সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তা–ই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে।’

বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারতের কনস্যুলার ডায়ালগ নিয়ে একটা ভুল তথ্য পত্রিকায় ছাপা হয়েছে। এটা সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। সুতরাং দুই দিক থেকে আমরা এবং ওনারা বলেছেন যে কিছুদিন পরে হলে ভালো হয়।’

আরও পড়ুন
আরও পড়ুন