পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে বললেন প্রধানমন্ত্রী

সানিডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে, ৯ সেপ্টেম্বরছবি: পিএমও

পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়স্বজনের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। জন্মদিনসহ বিভিন্ন বিশেষ দিনে একে অন্যকে গাছের চারা উপহার দেওয়ার সংস্কৃতিও গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের পরিবেশও দেশের মানুষকেই পরিচ্ছন্ন রাখতে হবে। কেউ যত্রতত্র ময়লা ফেললে তাকে বাধা দিতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

লন্ডনে বসবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার নাগরিকেরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। নিজেদের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে পরিবর্তনের শুরু করতে হবে। নিজের ঘর থেকেই পরিবর্তন শুরু হলে পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বাড়ি ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।

দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে—এমন ছোট ছোট কাজ সবাইকে করতে হবে। শিক্ষার্থীদেরও এসব কাজে অংশ নিয়ে সুন্দর দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও ডেঙ্গু মোকাবিলায় তাদের করণীয় নিয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী বুধবার জাতীয় সংসদে যায়। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক। শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়ার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।