উচ্চশিক্ষায় বিজ্ঞান–প্রযুক্তি বিষয়ের পরিসর বাড়ছে

উচ্চশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়গুলোর চাহিদা বাড়ছেছবি: জাহিদুল করিম, স্থান কৃতজ্ঞতা: ইউআইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২০ সালে স্কুল অব সায়েন্স অনুষদে শিক্ষার্থী ছিল ৫ হাজার ৩৮ জন। কিন্তু দুই বছর পর স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্স অনুষদে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ৮ হাজার ৮৮৯ জন। একই সময়ে বিজনেস স্কুলে শিক্ষার্থী বাড়লেও তা বিজ্ঞান অনুষদের সঙ্গে তুলনা করলে কম। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২০ সালে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে শিক্ষার্থী ছিল ২ হাজার ৬৮৪ জন। কিন্তু দুই বছর পর এই অনুষদে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ (৫ হাজার ২৪৫ জন) হয়েছে।

শুধু এই দুই বিশ্ববিদ্যালয়েই নয়, শিক্ষায় দিনে দিনে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্র বড় হচ্ছে। আগে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় প্রশাসনে রমরমা অবস্থা থাকলেও এখন বিজ্ঞান, কৃষি, ফার্মেসি, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়েও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষানির্ভর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। যদিও নতুন কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান নিয়ে প্রশ্ন আছে। আবার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মেরও অভিযোগ আছে কিছু নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে বিদ্যালয় এবং কলেজেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলকভাবে পড়ানো হচ্ছে। যদিও পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাবে বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষা অর্জন করতে পারছে না বলে অভিযোগ আছে।

দেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এই যখন অবস্থা, তখন আজ ২৪ জানুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য করা হয়েছে, ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও শিক্ষা: স্বয়ংক্রিয় বিশ্বে মানুষের সুরক্ষা’। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামনের দিনে প্রযুক্তির প্রসার আরও বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা বাড়ছে। সে ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিতেই হবে। কিন্তু এ ক্ষেত্রে প্রথমত মানসম্মত শিক্ষায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মানবিকতার বিষয়টিকেও মনে রাখতে হবে।

উচ্চশিক্ষায় বিজ্ঞান শিক্ষা পরিস্থিতি

স্বাধীনতার পর ১৯৭৩ সালে যখন বিশ্ববিদ্যালয় মঞ্জু্রি কমিশন (ইউজিসি) প্রতিষ্ঠা করা হয়, তখন দেশে মাত্র ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় ৬১টি। এর মধ্যে ৫৫টির শিক্ষা কাযর্ক্রম চলছে। এ ছাড়া অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১১টি। এগুলোর মধ্যে অবশ্য কয়েকটি এখনো তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ-মাদ্রাসাসহ দেশে উচ্চশিক্ষায় প্রায় ৪৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় পড়ছে মোট শিক্ষার্থীর প্রায় ৪৪ শতাংশ। এর বাইরে কৃষি ও জীববিজ্ঞান, বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, জনস্বাস্থ্য, ফার্মেসির মতো বিজ্ঞানভিত্তিক বিষয়ে বেশ কিছু শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মানে হলো এখন প্রায় অর্ধেক শিক্ষার্থী প্রকৌশল, প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় পড়াশোনা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একসময় ব্যবসায় শিক্ষা পড়ার ক্ষেত্রে রমরমা অবস্থা থাকলেও পরিসংখ্যান বলছে সেই হার এখন পড়তির দিকে। যেমন ২০২০ সালে যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৪ শতাংশ ছিল ব্যবসায় প্রশাসনের; এখন কমে হয়েছে ২২ শতাংশ।

ইউজিসি বলছে, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চাহিদাভিত্তিক যুগোপযোগী বিষয় ও পাঠ্যক্রম প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ল্যাবরেটরি সায়েন্স ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিজ্ঞানমনস্ক জ্ঞানভিত্তিক ডিগ্রি জাতীয় উন্নয়নে অসামান্য ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করছে ইউজিসি।

অবশ্য তথ্যপ্রযুক্তির বিষয়ে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কার কথা বলছে ইউজিসি। শিক্ষা কার্যক্রম চালু থাকা দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি শিক্ষাপ্রধান। এমনকি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের মতো আলাদা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও আছে। যদিও নতুন এই বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক শিক্ষায় এখনো ঘাটতি আছে। আবার এভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়েও বিশ্ববিদ্যালয় হয়েছে।

ইউজিসির তথ্য বলছে, বর্তমানে অধিভুক্ত কলেজ-মাদ্রাসা বাদে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা দেয়—এমন বিশ্ববিদ্যালয়েগুলোতে শিক্ষার্থী প্রায় তিন লাখ। এর মধ্যে প্রকৌশল ও কারিগরিতে ১৮ শতাংশের বেশি, বিজ্ঞানে ১৩ শতাংশ, জীববিজ্ঞানে ৭ শতাংশ, কৃষিশিক্ষায় ৭ শতাংশের বেশি। প্রকৌশল ও কারিগরি, কৃষি, ফার্মেসি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থী আগের চেয়ে বেড়েছে।

তবে সংশ্লিষ্টদের অভিমত হচ্ছে সংখ্যার গুরুত্ব আছে। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানে। না হয় চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় হোঁচট খেতে হবে। তাই সে বিষয়টি বিবেচনা করে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক অনিন্দ্য ইকবাল প্রথম আলোকে বলেন, স্কুল ও কলেজ পর্যায়ে গণিতের ভিত্তিটি আরও মজবুত করতে হবে। আইসিটি বিষয় থাকলেও তা পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই। তাই এ ক্ষেত্রে খান একাডেমির মতো প্রতিষ্ঠানের আদলে সরকারি উদ্যোগে উপযুক্ত ব্যবস্থা করা যেতে পারে। অন্যদিকে উচ্চশিক্ষায় বিশেষ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে দেখা যায় ল্যাবরেটরিভিত্তিক শিক্ষায় ঘাটতি থাকে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এআই মানুষের কাজ বাড়াবে

আমাদের শিক্ষা ও কর্মক্ষেত্র—দুই জায়গাতেই দৈন্যদশা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষই চাকরি চান। কিন্তু কেউ বলেন না যে আমি এই বিষয়ে পড়েছি, এই ক্ষেত্রে আমার দক্ষতা রয়েছে। আমার দক্ষতা দেখে আমার সম্মানী বা পারিশ্রমিক নির্ধারিত হবে। আমাদের শিক্ষাব্যবস্থা দক্ষতামুখী নয়। আমরা বিশ্ববিদ্যালয়ে এদিকে নজর দিচ্ছি। এটা করায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসছে। তবে এখনো অনেক কাজ বাকি।’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য কাজ যাবে না বলে জানান মো. সবুর খান। তিনি বলেন, এআইয়ের জন্য কাজ বা চাকরি যাবে ফাঁকিবাজদের। উদ্ভাবনী ক্ষমতা যাঁদের আছে, নেতৃত্ব দেওয়ার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁদের কর্মক্ষেত্র আরও প্রসারিত হবে। বলা যায়, এআইতে মানুষের কাজ ও মানুষের গুরুত্ব আরও বাড়বে ভবিষ্যতে।