চট্টগ্রামের বইমেলায় সাড়া ফেলল খুদে লেখক মাইসুন
ওই যে মাইসুন; মেলার বাতিঘরের স্টলের সামনে এক পাঠক থমকে দাঁড়ালেন। যেদিকে নির্দেশ করছিলেন তিনি, সেখানে ততক্ষণে ভিড় জমে গেছে। ভিড়ের মধ্যমণি খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিতি পাওয়া উম্মে মাইসুন তখন তার ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’ বইয়ে অটোগ্রাফ দিতে ব্যস্ত। এরই মধ্যে তাকে ঘিরে ছবি তুলছিলেন কেউ কেউ।
বইমেলায় নামী লেখকদের ঘিরে ভিড় নতুন কিছু নয়। তবে ষষ্ঠ শ্রেণিতে পড়া ছোট্ট মাইসুনকে ঘিরে পাঠকদের যে আগ্রহ, তেমন দৃশ্য চট্টগ্রামের বইমেলায় আগে দেখা যায়নি। এক দিন আগেই মাইসুনের ফেসবুক হোমপেজে প্রচারিত হয়েছিল, বইমেলায় পাঠকের মুখোমুখি হবে সে। দেখা গেল, সে খবর অনেক পাঠকেরই জানা। তাই ভিড়বাট্টা নেহাত কমও হয়নি। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে তাই বাতিঘর স্টলের সামনে ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছিল স্টলের কর্মীদের।
২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল মাইসুনের ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট ওয়ান’ নামের ইংরেজি শেখার বই। এবারের বই ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’ তারই পরবর্তী খণ্ড। শুধু ইংরেজি শেখার বই-ই নয়। মাইসুন লিখেছে উপন্যাসও। ‘দ্য এমারেল্ড স্টোন’ উপন্যাসের কাহিনি অনেকটা ফ্যান্টাসিনির্ভর।
অনিন্দিতা দেব রায় নামের এক অভিভাবক মেলায় এসেছিলেন তাঁর ছেলে অনিন্দ্যকে নিয়ে। মাইসুনের ভিডিও অনিন্দ্য নিয়মিত দেখে। বইয়ের খবর মাকে সে–ই দিয়েছিল। অনিন্দিতা প্রথম আলোকে বলেন, মাইসুনের বই কিনবে ছেলে। এ জন্য ছেলের আবদার রক্ষায় মেলায় এসেছেন তিনি।
পাঠককে অটোগ্রাফ দেওয়া ও ছবি তোলার একফাঁকে মাইসুন বলল, ইংরেজি শেখা তার অন্যতম শখ। সে নিয়মিত ইংরেজি ভাষা শিখে চলেছে। সেসবই ইউটিউবের দর্শকদের সঙ্গে ভাগ করে নেয়। তবে মূলত গল্প–উপন্যাসই সে লিখতে চায়। তার উপন্যাস ‘দ্য এমারেলড স্টোন’ পড়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তাতে অনেক খুশি সে।
ফেসবুকে মাইসুনের ফলোয়ার বর্তমানে ২৫ লাখ। ইউটিউবে ৩ লাখ ১৬ হাজার সাবস্ক্রাইবার। ইংরেজির নানা খুঁটিনাটি নিয়ে তৈরি করা তাঁর ভিডিওগুলো লাখ লাখবার দর্শকেরা দেখেন। এই যেমন মো. শাহরিয়ার মুনতাসির। সে তার বন্ধু মো. নাফিজ উদ্দিনকে দেখিয়ে বলেন, ‘ওই যে দেখ মাইসুন। ওর ভিডিও আমি দেখেছি। ভালো ইংরেজি বলে। বইও লেখে। চল একটা সেলফি তুলি।’
সেলফি তোলার ফাঁকে মুনতাসির ও নাফিজ জানায়, তারা একাদশ শ্রেণিতে পড়ে। ইংরেজি শেখার প্রতি তাদের আগ্রহ রয়েছে। ইংরেজি উপন্যাস আর গল্প পড়ে নিয়মিত। সে সূত্রে মাইসুনের ইংরেজি শেখানোর ভিডিওগুলো তারা দেখেছে।