ঢাকা থেকে আজ ২৫টি ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দর থেকে ফেরত যাচ্ছেন যাত্রী। আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেছবি: প্রথম আলো

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি ফ্লাইট ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।

এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।