২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা
জজ মিয়াকে গ্রেপ্তার-বন্দী কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত নয়: হাইকোর্ট
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মো. জালাল ওরফে জজ মিয়াকে ‘ভুলভাবে গ্রেপ্তার, আটক ও বন্দী রাখা’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে জজ মিয়ার মৌলিক অধিকার গুরুতর লঙ্ঘিত হওয়ায় কেন তাঁকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
মামলায় জালালকে ‘জজ মিয়া’ সাজিয়ে বিনা অপরাধে চার বছর কারাগারে রাখায় তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে গত ১২ সেপ্টেম্বর রিটটি করা হয়।
জালালের করা এ রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ জনকে বিবাদী করা হয়। রিটে জালালকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়।
রিট থেকে জানা যায়, ২০০৪ সালের ভয়াবহ এই গ্রেনেড হামলার ঘটনায় ২০০৫ সালের জুনে জালালকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁকে জজ মিয়া সাজিয়ে কারাবাসে রাখা হয়। ২০০৯ সালের জুনে তিনি মুক্তি পান। কোনো দোষ ছাড়াই তাঁকে প্রায় চার বছর কারাগারে রাখা হয়েছিল।
রিটের ওপর গতকাল সোমবার শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ‘শুনানি নিয়ে আদালত রুল দিয়েছেন। সব বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।’
রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুর রশীদ, মুন্সী আতিকুর রহমান, সাবেক বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন, ঢাকার জেলা প্রশাসক, মতিঝিল থানার ওসিসহ ১১ জনকে বিবাদী করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী।
শুরু থেকেই এই গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়। প্রথমে শৈবাল সাহা পার্থ, পরে আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়। তা না পেরে নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় মো. জালালকে। তাঁকে দীর্ঘদিন রিমান্ডে রেখে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে একটি সাজানো জবানবন্দি আদায় করা হয়।
প্রায় চার বছর আগে ২০১৮ সালের অক্টোবরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড, অপর ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। মামলাটি এখন দ্বিতীয় ধাপে হাইকোর্টে শুনানি শুরুর পর্যায়ে রয়েছে।