আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশের প্রতি আইজিপির আহ্বান

বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন আইজিপি আলী হোসেন ফকির। রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা; ৬ মার্চ ২০২৬ছবি: পুলিশের সৌজন্যে

আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি এই আহ্বান জানান।

আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে।

পুলিশপ্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মো. ফজলুল করিম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।