সৈয়দা রিজওয়ানার গাড়িতে ঢিল
কাউন্সিলর জহুরুলসহ ছয় জনের নামে অভিযোগপত্র
জহুরুল চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
চট্টগ্রাম নগরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ও হুমকি দেওয়ার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম আদালতে গত সোমবার এই অভিযোগপত্র দেয় আকবর শাহ থানার পুলিশ। জহুরুল চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, কাউন্সিলর জহুরুল আলমসহ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে কাউন্সিলর জহুরুলকে ১ নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন জহুরুলের সহযোগী বিল্লাল হোসেন, আবু নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিছ চৌধুরী ও মো. শাকিল। তাঁদের মধ্যে নোমান ছাড়া বাকিরা জামিনে আছেন।
আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ উল্লাহ জামান। অভিযোগপত্রে বলা হয়, সচেতনতা বৃদ্ধির জন্য পাহাড় কাটা এলাকা পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল আলমের নেতৃত্বে আসামিরা বেলার প্রধান নির্বাহীসহ প্রতিনিধিদলকে বাধা দেয়, গাড়ি আটকে রাখে ও বিভিন্নভাবে হুমকি–ধমকি দেয়। আটকে রাখা সেই গাড়ি পুলিশ গিয়ে ছাড়িয়ে নেয়।
এসআই জাহেদ উল্লাহ জামান প্রথম আলোকে বলেন, এজাহারে থাকা অজ্ঞাত ঠিকানাসহ কয়েকজন আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায়নি। পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
উল্লেখ্য, কাউন্সিলর জহুরুলের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিচারাধীন। বাকি তিনটি তদন্তাধীন। রিজওয়ানা হাসানের মামলার প্রসঙ্গে কাউন্সিলর জহুরুল গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন কাউকে বাধা কিংবা হুমকি দেওয়া হয়নি। সব মিথ্যা।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তা গ্রহণের শুনানির তারিখ নির্ধারণ হয়নি।
রিজওয়ানা হাসানের নেতৃত্বে বেলার এক প্রতিনিধিদল গত ২৬ জানুয়ারি আকবরশাহ থানা এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল ও তাঁর সহযোগীদের মারমুখী আচরণের শিকার হন। এ ঘটনায় রিজওয়ানা হাসান আটজনের বিরুদ্ধে মামলা করেন।