নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
রাজধানীতে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সামনে রেখে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।
আজ বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, ‘আগামীকাল অবরোধ। আগে আমাদের অফিসাররা যেভাবে কাজ করেছে, সেই কাজের গতি আরও বাড়াতে হবে। আগেরবার নাশকতাকারীরা গাড়ি পুড়িয়েছিল। আমাদের অফিসাররা সচেতন ছিল। সেই গতি আরও বাড়বে। সন্ধ্যাবেলা কোন কোন স্থানে গাড়ি পোড়াচ্ছে, তা আমরা জানি।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ডিসি (উপকমিশনার), এডিসি (অতিরিক্ত উপকমিশনার), এসি (সহকারী কমিশনার), ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও অন্যান্য টহল দলসহ যেন রাত ১২টা পর্যন্ত মাঠে থাকে। সবাই যেন নজরদারিতে (ওয়াচে) থাকে, কোনোভাবে কেউ যেন কোনো ঘটনা ঘটাতে না পারে।’
পরে আজ বিকেলে এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যানবাহনে আগুন দেওয়াসহ যারা নাশকতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠে থাকা পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’