ইফতার থেকে সাহ্‌রি: গুলশানের আলোকিতে জমে উঠেছে মুনলাইট ফেস্টিভ্যাল

প্রথম আসরের সাফল্যের পর আরও বিস্তৃত পরিসর ও সমৃদ্ধ বৈচিত্র্যে এ বছরও আয়োজিত হয়েছে ‘মুনলাইট ফেস্টিভ্যাল ২.০’। এর আয়োজক এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোড–সংলগ্ন আলোকিতে শুরু হওয়া তিন দিনব্যাপী আয়োজনটি চলবে বুধবার পর্যন্ত।

বাহারি রকমের খাবারের সমারোহ, আগত দর্শনার্থীদের উপস্থিতি, আড্ডা ও আনন্দে এটি রূপ নিয়েছে এক প্রাণবন্ত উৎসবে। ঐতিহ্যবাহী ভাজাপোড়ার চেনা ঘ্রাণ থেকে প্রাণচঞ্চল স্ট্রিট ফুডের টান, অসংখ্য লোভনীয় পদে সাজানো ৫০টির বেশি ফুড স্টল। এ ছাড়া এতে অংশ নিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রুশ ও চা টাইম। টক, ঝাল, মিষ্টি, হালকা কিংবা ভারী—ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন।

শুধু খাবারেই সীমাবদ্ধ নয়, এখানে থাকছে বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতি, সংগীত পরিবেশনা, দৃষ্টিনন্দন লাইভ ফায়ার শো ও স্ট্রিট পারফরম্যান্স এবং ফ্যামিলি প্লে জোন। পাশাপাশি থাকছে ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, আকর্ষণীয় ফটো জোন এবং রোমাঞ্চকর গেমিং জোন।

আয়োজনটির পৃষ্ঠপোষক আশিয়ান সিটি ও পারটেক্স স্টার গ্রুপ। পেমেন্ট পার্টনার বিকাশ ও স্পোর্টস পার্টনার বাফুফে। সহযোগিতায় পোলার আইসক্রিম, ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।