দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব আছিয়া খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুদক আইন অনুযায়ী কমিশনার আছিয়া খাতুনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হাইকোর্টের একজন বিচারকের সমরূপ হিসেবে নির্ধারণ করা হলো। অবিলম্বে তা কার্যকর হবে।

এর আগে গত এপ্রিল মাসে দুদকে একজন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাই করে সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছিল সরকার। এ কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। বাছাই কমিটির সদস্য হিসেবে ছিলেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান; মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী; সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং সর্বশেষ অবসরে যাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি ২০২১ সালের মার্চে এই পদে নিয়োগ পেয়েছিলেন। এ ছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোজাম্মেল হক খান ও মো.জহুরুল হক। এর মধ্যে মোজাম্মেল হক খান এই পদে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের ২ জুলাই। অর্থাৎ তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শিগগিরই শেষ হবে। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন মোছা. আছিয়া খাতুন।

আরও পড়ুন