তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীদের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত
ঢাকার অদূরে সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিপণিবিতান রাজ্জাক প্লাজার ব্যবসায়ীদের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় একজনকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থী রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫১তম ব্যাচের ছাত্র।
ওই বিপণিবিতানের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ব্যবসায়ীদের ওপর হামলা চালালে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় কুমার দত্ত ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সাভার বাসস্ট্যান্ড–সংলগ্ন বিপণিবিতান রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় সিয়াম টেলিকম নামের একটি মুঠোফোন মেরামতের দোকান থেকে আগে ঠিক করে নেওয়া মুঠোফোন নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের ছয়–সাতজন শিক্ষার্থী। এ সময় তাঁরা দোকানের টেকনিশিয়ানকে রোববার তাঁদের এক বান্ধবীর মুঠোফোনের ডিসপ্লের প্রটেকটর লাগিয়ে নেওয়ার পর মুঠোফোনের ক্যামেরা ও বাটনে সমস্যার কথা জানান।
একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যামেরা পরিবর্তন করা হয়েছে—এমন সন্দেহের কথা বললে দোকানের লোকজন তাঁদের ওপর চড়াও হলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় আশপাশের দোকানের ৩০-৩৫ জন ব্যবসায়ী সেখানে জড়ে হন। পরে ওই শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠীকে জানালে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ওই বিপণিবিতানের সামনে জড়ো হন। এ সময় বিপণিবিতানের সব দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। শিক্ষার্থীরা ভেতরে গেলে ওই দোকানের লোকজনসহ আশপাশের ব্যবসায়ীরা উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডায় জড়ান এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে রাশেদুল ইসলামের মাথা ফেটে যায়। পরে তাঁকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা–পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মার্কেট কমিটি ও ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় মার্কেট কমিটি বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মিথুন প্রথম আলোকে বলেন, ‘আহত শিক্ষার্থী রাশেদুল ইসলামের মাথা কেটে গিয়েছিল। আমরা সিটি স্ক্যান করে দেখেছি, ভেতরে রক্তক্ষরণ হয়নি। ওষুধের মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন আশা করছি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী বিজয় কুমার অভিযোগ করে প্রথম আলোকে, ‘আমরা কয়েকজন আসছিলাম শুধু জানার জন্য তারা আমাদের বন্ধুর ফোনের পার্টস খুলে নিয়েছেন কি না। তারা চড়াও হয়ে ৩০-৩৫ জন মিলে আমাদের সবার গলা ধরে ধাক্কা দিতে দিতে নিচে নামিয়ে দেয়। পরে আমাদের ক্যাম্পাসের বড় ভাইয়েরা এলে তারা আমাদের মার্কেটের মধ্যে ঢুকিয়ে চেয়ার, রড দিয়ে মারধর করে। আমরা অসহায়ের মতো মার খেয়ে গেছি।’
বিপণিবিতান রাজ্জাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দুই দিন আগে মুঠোফোনের ডিসপ্লের প্রটেকটর লাগানোর পর থেকে ক্যামেরা ও বাটনের সমস্যা হচ্ছে বলে ওই দোকানের (সিয়াম টেলিকম) টেকনিশিয়ানকে জানান। টেকনিশিয়ান প্রটেকটর লাগানোর সময় হয়তো এমন হয়েছে জানালে শিক্ষার্থীরা ক্যামেরা বা যন্ত্রণাংশ পরিবর্তন করা হয়েছে—এমন সন্দেহের কথা জানান। একপর্যায়ে এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হওয়ার পর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। বিষয়টি জানতে পেরে আমিসহ কয়েকজন ওই দোকানে গিয়ে বিষয়টি সমাধান করে নেওয়ার জন্য তাঁদের জানিয়ে দিই। পরে আমি মার্কেটের নিচে এসে শিক্ষার্থীদের দেখতে পেয়ে তাঁদের কাছে গেলে দুই ব্যক্তি নিজেদের ভুক্তভোগী শিক্ষার্থীর মামা পরিচয় দিলে তাঁদের নিয়ে বসে বিষয়টির সমাধান করতে মার্কেটের অফিসে যাওয়ার অনুরোধ করি। আমরা মার্কেটের ওপরে গেলে পেছনে তাকিয়ে দেখি, ওনারা নেই। একটু পর শুনি, শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ঝগড়া ও হাতিহাতি শুরু হয়েছে। পরে দোকানদারেরা দোকান বন্ধ করে দেন। পুলিশকে খবর দিয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসেন। আমরা সবাইকে নিয়ে বসে কথা বলেছি। পরে শিক্ষার্থীরা চলে যান। আশা করছি, বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে যাবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজ্জাক প্লাজায় মোবাইল ঠিক করতে গিয়েছিল। একপর্যায়ে তাদের সঙ্গে কথা–কাটাকাটি হলে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে আমাদের ছয়জন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা মালিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। তারা শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মার্কেটের লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।