পুলিশকে মেরে পিস্তল ছিনতাইয়ের মামলা দেড় যুগ ঝুলছে পুলিশ সাক্ষ্য দেয় না বলে

  • গত পাঁচ বছরে এখানে মাত্র একজনের সাক্ষ্য হয়। এর আগের আদালতে হয় সাতজনের।

  • বিচার শুরুর পর থেকে সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ বছরে তারিখ পড়ে ১০৮টি। ৮টি তারিখ ছাড়া বাকি ১০০ দিন কোনো সাক্ষ্য হয়নি।

  • ইতিমধ্যে মারা গেছেন এক আসামি ও সাক্ষী পুলিশ কর্মকর্তা। তদন্তকারী চার পুলিশ কর্মকর্তার জন্য আটকে আছে বিচার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি আসে ২০১৮ সালে, এরপর মামলায় মাত্র একজনের সাক্ষ্য হয়েছে
ছবি: প্রথম আলো

২৩ বছর আগে চট্টগ্রাম নগরে এক সার্জেন্টের সরকারি অস্ত্র, গুলি ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা পুলিশের সাক্ষ্যের অভাবে ঝুলে আছে। ইতিমধ্যে মারা গেছেন সাক্ষী এক পুলিশ কর্মকর্তা ও এক আসামি। গত পাঁচ বছরে সাক্ষ্য দিয়েছেন মাত্র একজন। সাক্ষী হিসেবে থাকা পুলিশের আট সদস্যের মধ্যে মামলার দুই তদন্ত কর্মকর্তা কোথায় আছেন, তা–ও বলতে পারছে না পুলিশ। এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণের ১০৮টি তারিখ পড়লেও সাক্ষীরা হাজির হয়েছেন মাত্র ৮ দিন।

রাষ্ট্রপক্ষ বলছে, তদন্তকারী পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিতে না আসায় আটকে আছে বিচার। নষ্ট হয়েছে আদালতের কর্মঘণ্টা।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তদন্তকারী পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য না দেওয়ায় বিচারকাজ শেষ করা যাচ্ছে না। তাঁরা সাক্ষ্য না দিলে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে।

ফৌজদারি মামলায় সাক্ষীদের হাজির করার দায়িত্ব পুলিশের। আর পুলিশ হয়ে নিজেরা সাক্ষ্য দিতে না আসা চরম গাফিলতি। আর আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ।
এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক

ঘটনাটি ঘটে ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর। সেদিন দায়িত্ব পালন শেষে নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম নগরের ডবলমুরিং থানার সিডিএ কলোনির বাসায় ফিরছিলেন। জাম্বুরি মাঠ এলাকায় যাওয়ার পর তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে ছিনতাইকারীরা। তাঁর কাছে থাকা অস্ত্র, গুলি ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তখন মাথায় আঘাত করলে ট্রাফিক সার্জেন্ট রাস্তায় পড়ে যান। ওই সময় তাঁর কোমরে থাকা ১টি সরকারি নাইন এমএম পিস্তল, ৯টি গুলি, পকেটে থাকা ৯০০ টাকা ও মোটরসাইকেলটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডবলমুরিং থানায় মামলা করেন সার্জেন্ট কামরুল ইসলাম। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ১১ ছিনতাইকারীকে।

বিচার শুরুর পর থেকে সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ বছরে তারিখ পড়ে ১০৮টি। ৮টি তারিখ ছাড়া বাকি ১০০ দিন কোনো সাক্ষ্য হয়নি। সাক্ষ্য না দেওয়া পুলিশ কর্মকর্তাদের হাজির হতে সমন ও পরোয়ানা জারি হলেও তাঁরা হাজির হননি। এর মধ্যে এসআই ফেরদৌস ও এমদাদুল হক বর্তমানে কোথায় কর্মরত, আদালতে জানাতে পারেনি পুলিশ।

আদালত সূত্র জানায়, তদন্ত শেষে ২০০২ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দুই বছর পর ২০০৪ সালের ২৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি ২০১৮ সালের জানুয়ারিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে বদলি হয়। এরপর এখানে মাত্র একজনের সাক্ষ্য হয়। এর আগের আদালতে হয় সাতজনের।

মামলায় মোট সাক্ষী রয়েছেন ১৭ জন। এর মধ্যে পুলিশ সদস্য আছেন আটজন। তাঁদের মধ্যে তিনজন সাক্ষ্য দিয়েছেন। আর সাক্ষ্য দেওয়ার আগেই মারা গেছেন মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। এখনো সাক্ষ্য দেননি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা তৎকালীন ডবলমুরিং থানার এসআই মো. ফেরদৌস। পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা মো. সাজ্জাদ, কাজী এনায়েত কবির ও এমদাদুল হকও সাক্ষ্য দেননি।

বিচার শুরুর পর থেকে সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ বছরে তারিখ পড়ে ১০৮টি। ৮টি তারিখ ছাড়া বাকি ১০০ দিন কোনো সাক্ষ্য হয়নি। সাক্ষ্য না দেওয়া পুলিশ কর্মকর্তাদের হাজির হতে সমন ও পরোয়ানা জারি হলেও তাঁরা হাজির হননি। এর মধ্যে এসআই ফেরদৌস ও এমদাদুল হক বর্তমানে কোথায় কর্মরত, তা আদালতে জানাতে পারেনি পুলিশ। গত বছরের ২৬ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) থেকে আদালতে দেওয়া চিঠিতে বলা হয়, নগর পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ অফিসের সব নথিপত্র ১৯৭৮ থেকে ১৯৯৯ পর্যন্ত ধ্বংস করায় এসআই ফেরদৌস ও এমদাদুলের কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

কাজী এনায়েত কবির বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোতে পরিদর্শক হিসেবে কর্মরত। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামী ধার্য দিনে সাক্ষ্য দিতে হাজির হব।’ এত বছর কেন দেননি প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। এ জন্য খুঁজে পেতে দেরি হতে পারে।

আরেক সাক্ষী মো. সাজ্জাদ বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় পরিদর্শক হিসেবে আছেন। তিনি গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘দেশের বাইরে মিশনে ছিলাম। বরিশালসহ বিভিন্ন জায়গায় চাকরি করেছি। সাক্ষ্য গ্রহণের তারিখ অতিক্রম হওয়ার পর সমন পেয়েছি। এবার সাক্ষ্য দিয়ে দেব।’ এ মামলায় আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।

এদিকে মামলার ১২ আসামির মধ্যে আবু তাহের নামের একজন ২০১৯ সালে মারা যান। তাঁর বাড়ি নগরের আগ্রাবাদ ব্যাপারীপাড়ায়। পলাতক রয়েছেন আসামি মো. দেলোয়ার, মো. সেলিম, কালা জাহাঙ্গীর, আবুল কাশেম, মো. রমিজ ও মো. ইসমাইল। জামিনে আছেন পাঁচ আসামি সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. জালাল, জসিম উদ্দিন ও সেলিম।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, ফৌজদারি মামলায় সাক্ষীদের হাজির করার দায়িত্ব পুলিশের। আর পুলিশ হয়ে নিজেরা সাক্ষ্য দিতে না আসা চরম গাফিলতি। আর আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ।