ডেঙ্গুর সংক্রমণ নিয়ে নতুন ভয়
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, রোগী মৃত্যুর তথ্য পর্যালোচনা হওয়া উচিত। তাহলে করণীয় নির্ধারণ সহজ হয়।
শীত প্রায় চলে এলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত বছরও শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। এ বছর এমন কোনো মাস নেই যে ডেঙ্গু রোগী ছিল না। চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের এ সময়ের দ্বিগুণ। চলতি বছর ডেঙ্গুতে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু গত বছরের ধারাবাহিকতার অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর একেই নতুন ভয় হিসেবে দেখছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলছেন, শীতে ডেঙ্গু বৃদ্ধির এই প্রবণতা ভবিষ্যতে বড় আকারের সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগী এবং মশার নিবিড় নজরদারি (সার্ভিল্যান্স) আজ পর্যন্ত হয়নি। আবার ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনার (ডেথ রিভিউ) কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্যবিদদের কথা, মৃত্যুর তথ্য পর্যালোচনা হওয়া উচিত। তাহলে করণীয় নির্ধারণ সহজ হয়। বাস্তবে ডেঙ্গুর ভয়াবহতা সরকারি স্তরে অনুভূত হয়নি বললেই চলে।
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৩ জন।
এবার ডেঙ্গু ভয়াবহতা নিয়ে হাজির হলেও আমরা এর গতিপ্রকৃতি বুঝতে পারছি না নজরদারির অভাবে। এটা দুর্ভাগ্যজনক।ডা. মুশতাক হোসেন, জনস্বাস্থ্যবিদ
অব্যাহত সংক্রমণে নতুন ভয়
দেশে ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ২৪৬। এ সময় মৃত্যু হয়েছিল ৮৪৯ জনের। গতকাল বুধবার পর্যন্ত চলতি বছরে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৪। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৫ জনের। অর্থাৎ ২৩ বছরের তুলনায় এই এক বছরে ডেঙ্গুতে আক্রান্ত বেড়েছে সোয়া গুণ আর মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। গত বছরের নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৯ হাজারের বেশি মানুষ। বুধবার পর্যন্ত এ মাসে (নভেম্বর) আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার পার হয়েছে। গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল নভেম্বর মাসে, ১১৩ জনের। এবার এ মাসের ২৯ দিনে মৃত্যু হয়েছে ২৬৭ জনের।
উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। কিন্তু গত বছর শীতের সময়েও ডেঙ্গু রোগী পাওয়া গেছে দেশে। এবার পাওয়া যাচ্ছে আরও বেশি সংখ্যায়। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ফেব্রুয়ারি থেকে মার্চ গড় আক্রান্তের সংখ্যা ছিল ১০-এর নিচে। এ বছর গড় আক্রান্তের সংখ্যা ১০০-এর ওপরে।
এ পরিস্থিতি আগামীর জন্য বড় আশঙ্কা সৃষ্টি করেছে বলে মনে করেন যুক্তরাজ্যের কেইল ইউনিভার্সিটির মশাবাহিত রোগের গবেষক ও বাংলাদেশি বিজ্ঞানী নাজমুল হায়দার। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এবার ডেঙ্গু যে এতটা ভয়াবহ এর কারণ, গত বছরের ধারাবাহিকতা। মার্চ মাসে বাংলাদেশে এর আগে কখনোই এত রোগী ছিল না, যেটা এবার আছে। এবার পরিস্থিতি গতবারের চেয়েও নাজুক। আর এবার ডেঙ্গু ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকায়। তাই এখন থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিশাল জনগোষ্ঠীর মধ্যে রোগ এবং মশার গতিপ্রকৃতি বোঝার জন্যই নজরদারি দরকার। এর মাধ্যমে মূলত কর্মকৌশল নির্ধারণ হয়। কিন্তু এবার ডেঙ্গু ভয়াবহতা নিয়ে হাজির হলেও আমরা এর গতিপ্রকৃতি বুঝতে পারছি না নজরদারির অভাবে। এটা দুর্ভাগ্যজনক।জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন
রোগী ও মশার নজরদারি হলোই না
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি) প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগী ও মৃত্যুর তথ্য দেয়। সিডিসি প্রতিবারের মতো এবারও তিন দফায় মশার লার্ভা বা শূককীট জরিপও করেছে। সরকারের একাধিক কর্মকর্তা বলেছেন, হাসপাতালের বাইরে অন্তত চার গুণ রোগী আছে। তাই হাসপাতালের বাইরে বিপুলসংখ্যক রোগী হিসাবের বাইরে থেকে যায়। আবার শূককীট জরিপও হয় কিছু নির্দিষ্ট এলাকায়। জনস্বাস্থ্যবিদেরা মনে করেন, এখন ডেঙ্গুর গতিপ্রকৃতি বুঝতে দরকার নজরদারি। এর মাধ্যমে প্রতিনিয়ত প্রতিনিধিত্বমূলক নমুনা থেকে রোগী ও মশার গতিপ্রকৃতির বিশ্লেষণ করা হয়।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ‘বিশাল জনগোষ্ঠীর মধ্যে রোগ এবং মশার গতিপ্রকৃতি বোঝার জন্যই নজরদারি দরকার। এর মাধ্যমে মূলত কর্মকৌশল নির্ধারণ হয়। কিন্তু এবার ডেঙ্গু ভয়াবহতা নিয়ে হাজির হলেও আমরা এর গতিপ্রকৃতি বুঝতে পারছি না নজরদারির অভাবে। এটা দুর্ভাগ্যজনক।’
মুশতাক হোসেন মনে করেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাজ এ নজরদারি করা।
আইইডিসিআরের একটি সূত্র জানায়, নজরদারির জন্য সরকারের কাছে থেকে প্রয়োজনীয় অর্থসহায়তা চেয়েও পায়নি সংস্থাটি। আবার যেহেতু ডেঙ্গুকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে সরকার বিবেচনা করেনি, তাই দাতারাও এ কাজে অর্থ সহায়তা দিতে রাজি হয়নি।
এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন প্রথম আলোকে বলেন, ‘জনগোষ্ঠীর মধ্যে নজরদারি করার বিষয়ে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা স্বেচ্ছায় এ কাজ করবে। এটা আলোচনার পর্যায়ে আছে।’
মৃত্যু পর্যালোচনার প্রতিবেদন কোথায়
ডেঙ্গু নিয়ন্ত্রণে নজরদারির বাইরে আরেক গুরুত্বপূর্ণ দিক মৃত্যু পর্যালোচনা। ২০১৯ সালে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইইডিসিআর ডেঙ্গুতে মৃত্যুর কারণ পর্যালোচনার উদ্যোগ নিয়েছিল। দেশের বেশ কয়েকজন জনস্বাস্থ্যবিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটিও করা হয়েছিল। ওই কমিটি কয়েকজনের মৃত্যুর তথ্য পর্যালোচনাও করেছিল।
চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে মৃত্যুর তথ্য পর্যালোচনা করতে একটি কমিটি করেছে। কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবীর। পর্যালোচনা বিষয়ে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তাঁর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মৃত্যু পর্যালোচনার গুরুত্ব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, মৃত্যুর তথ্য পর্যালোচনা হওয়া জরুরি। তাতে করণীয় নির্ধারণ সহজ হয়। এত দিনে এ পর্যালোচনা হয়ে যাওয়া উচিত ছিল।
মৃত্যু পর্যালোচনার তথ্য এখনো কেন পাওয়া গেল না, এর উত্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) মো. আখতারুজ্জামান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। শুধু এটুকুই বলতে পারি।’
ভয়াবহতা সরকারি স্তরে অনুভূত হয়নি
এবার ডেঙ্গুর ভয়াবহতার নিরিখে এর নিয়ন্ত্রণে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খুব অপ্রতুল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপাব) ২৫ নভেম্বর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠানে (নিপসম) ডেঙ্গু নিয়ে এক বৈঠকের আয়োজন করে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা এস এম আলমগীর বলেন, ডেঙ্গু নিয়ে আজ পর্যন্ত কোনো টাস্কফোর্স হয়নি।
একটি জরুরি সভা হয়নি। কোনো দেশে ডেঙ্গু শুরু হলে এটি শেষ হয়ে যায় না। তবে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সে জন্য জরুরি সমন্বিত উদ্যোগ নেই, জনসম্পৃক্ততা নেই। সরকারের পক্ষ থেকে উন্নয়ন সহযোগীদের কাছে তেমন করে সহযোগিতাও চাওয়া হয়নি।
ওই অনুষ্ঠানে ডেঙ্গুকে জাতীয় সমস্যা হিসেবে তুলে ধরে নিপসমের পরিচালক মীরজাদী সেব্রিনা এর নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দপ্তরের নেতৃত্বের দাবি করেন।
আবার কর্মপরিকল্পনা, তারপর কী
ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি জাতীয় কর্মকৌশল প্রণয়নের কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা। এর সহকারী পরিচালক শ্যামল কুমার দাস প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দুই দফায় কর্মশালা হয়ে গেছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে একাধিক দপ্তর থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এর আগে স্থানীয় সরকার বিভাগ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ২০২১ সালে জাতীয় নির্দেশিকা তৈরি করে। এতে ১৬ দফা কাজ নির্ধারিত হয়। দেখা গেছে, ওই নির্দেশিকা তৈরি করা ছাড়া বাস্তবে কোনো কাজ হয়নি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ পরিকল্পনার ওপর জোর দেন জনস্বাস্থ্যবিদেরা। এর মধ্যে কেবল স্বাস্থ্য অধিদপ্তর একক প্রচেষ্টায় জাতীয় কর্মকৌশল তৈরির যে উদ্যোগ নিয়েছে তা কতটুকু কার্যকর হবে, সে প্রশ্ন তুলেছেন ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, একটি মাত্র দপ্তর উদ্যোগ নিয়ে যে কর্মকৌশল প্রণয়নের কাজ করছে, তা বাস্তবে কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দেহ আছে।