মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবরছবি: আসিফ আকবরের ফেসবুক থেকে

বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী মামলাটির রায় দেন।

আসামি আসিফ আকবরের উপস্থিতিতে তাঁকে খালাস দিয়ে আদালতের রায়টি হয় বলে আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ জানিয়েছেন।

এর আগে ৩ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন এবং রায় ঘোষণার জন্য সোমবার (৯ মার্চ) দিন নির্ধারণ করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার আওতাধীন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিসকক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়।

মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া এই মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।

আরও পড়ুন

তিন মাস পর ওই বছরের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই মো. জামাল উদ্দিন মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। তিনজনের সাক্ষ্য গ্রহণের পর আজ রায় হলো।