নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় নবীপুর ইউনিয়নের কুতুবের হাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমের গণসংযোগের সময় তাঁরা যোগদান করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, সংসদ সদস্য মোরশেদ আলমের উন্নয়নে ‘অভিভূত’ হয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
আওয়ামী লীগে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সালা উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান ও বর্তমান সভাপতি আবুল খায়ের। যোগদানকারী নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলম।
নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলমের উন্নয়ন কর্মকাণ্ডে অভিভূত হয়ে বিএনপির অর্ধশত নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন।
বিএনপির নেতাদের যোগদানের সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাহার উল্যাহ, শওকত হোসেন ওরফে কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের বিষয়ে জানতে চাইলে নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লাহ প্রথম আলোকে বলেন, যোগদানকারী ব্যক্তিরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী। তাঁরা কী কারণে দল পরিবর্তন করেছেন, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।