সমৃদ্ধ বিশ্ব গড়তে বৈশ্বিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের (এমডিবি) মাধ্যমে একটি সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য সম্মিলিত বৈশ্বিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উন্নয়ন সহযোগিতা: দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতা ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের ভূমিকা’ শীর্ষক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইসিওএসওসি) প্যানেল আলোচনায় পূর্বে ধারণকৃত ভিডিও বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমরা এমডিবির মাধ্যমে দরিদ্র জনগণকে সহায়তা করে একটি সমৃদ্ধ এবং দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে একত্রে কাজ করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ২০৩০ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে অর্থায়নসুবিধা দেওয়ার ক্ষেত্রে ইসিওএসওসির ভূমিকার কথা স্বীকার করি।’

শেখ হাসিনা বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে বহুবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রথমত কোভিড-১৯ মহামারি এবং দ্বিতীয়ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিস্ময়কর প্রভাব পড়েছে। এই জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায়ের দুর্বল অংশের স্থিতিস্থাপকতা গড়ে তুলতে এবং বহুমাত্রিক সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমডিবি বৈশ্বিক পরিস্থিতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

শেখ হাসিনা বলেন, এমডিবির অর্থায়ন বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানে বহু পাক্ষিক সংলাপকে যেমন করে উৎসাহিত করবে, তেমনিভাবে এসডিজি অর্জনের আর্থিক সহায়তা নিশ্চিতকারী আধুনিক নীতিমালাকেও এগিয়ে নেবে। এটি ২০১৫ সালের আদ্দিস আবাবা অ্যাকশন এজেন্ডায় সুনির্দিষ্টভাবে উল্লেখিত ম্যান্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ।

প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তির মতো বৈশ্বিক জনবান্ধব পণ্য প্রচারের ক্ষেত্রে এমডিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। টেকসই উন্নয়নে এগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

শেখ হাসিনা বলেন, তাঁরা লক্ষ করেছেন যে এমডিবির সুদের হার ও পরিষেবা চার্জ বাড়ছে। এ ধরনের পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোকে আরও কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় তিনি এমডিবিকে এমন একটি ঋণ ব্যবস্থাপনা পরিকল্পনা নির্ধারণ করার আহ্বান জানাতে চান, যা আর্থিকভাবে কার্যকর হতে হবে। এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৫ সালে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। পরে স্বল্পোন্নত দেশ থেকেও উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার চূড়ান্ত রূপকল্প নিয়ে আমাদের লক্ষ্য ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করা।’

কিন্তু বর্তমান ভূরাজনৈতিক সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের মতো দেশগুলোর সংকট কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। আজ আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি, তা বহুমুখী। এবং এসব মোকাবিলার জন্য একটি সম্মিলিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একত্রে কাজ করার মাধ্যমে, এমডিবির সম্পদ ও দক্ষতা কাজে লাগিয়ে, আমরা আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারি।’