সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত রোববার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের অজ্ঞাত ৫০০-৬০০ জন ছাত্র ও ‘ছাত্র নামধারী দুষ্কৃতকারীকে’ আসামি করে এ মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট থানার উপপরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে এ মামলা করেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরীফ সাফায়েত বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, গত রোববার দুপুর ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে ঢাকা কলেজের কতিপয় ছাত্র আইডিয়াল কলেজে যাওয়ার উদ্দেশ্যে সায়েন্স ল্যাব পুলিশ বক্সের সামনে গিয়ে অবস্থান নেয়। অন্যদিকে আইডিয়াল কলেজের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদের প্রতিহত করতে পূবালী ব্যাংকের বিসিএসআইআর শাখার সামনে অবস্থান নেয়। এতে উভয় দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মুখোমুখি অবস্থানরত দুই পক্ষের ছাত্রদের চলে যেতে বলে পুলিশ। তবে তারা সরে যেতে অস্বীকৃতি জানায়। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয় পক্ষের উত্তেজিত ছাত্ররা অজ্ঞাত দুষ্কৃতকারীদের নেতৃত্বে সায়েন্স ল্যাব মোড়ের পশ্চিম পাশে অবস্থিত সায়েন্স ল্যাব পুলিশ বক্সে আক্রমণ করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এজাহারে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের থামাতে পুলিশ একপর্যায়ে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। দুষ্কৃতকারী ও উত্তেজিত ছাত্রদের ছোড়া ইটপাটকেল আঘাতে পুলিশের সাতজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিকেল চারটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর আগে ১ মার্চ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই দিন ঢাকা কলেজের দুই ছাত্র মারধরের শিকার হন। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বাগ্বিতণ্ডা হয়। ২ মার্চ ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাস বিজয় ৭১–এ ঢিল ছোড়ার অভিযোগ ওঠে। ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ছাত্ররা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা আইডিয়াল কলেজের ফটক থেকে সাইনবোর্ড খুলে নিয়ে আসেন। পরে গ্রিন রোডে কলেজের পোশাক পরিহিত অবস্থায় সংঘর্ষে জড়ান দুই কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ঢিল ছোড়াছুড়িতে পুরো গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ওই সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।
পরে রোববার ঢাকা কলেজের এক ছাত্রকে একা পেয়ে মারধর করেন আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর সায়েন্স ল্যাব ও গ্রিন রোড এলাকায় কলেজের পোশাক পরেই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্ররা। সংঘর্ষে যোগ দেন সিটি কলেজের ছাত্ররাও। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময়ও সড়কে যান চলাচল বন্ধ ছিল।