চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৮ ভবনমালিককে জরিমানা
ভবনের ছাদবাগানের টবে জমে রয়েছে পানি। তাতে জন্মেছে এডিস মশার লার্ভা। আবার নির্মাণাধীন ভবনে লিফট বসানো হবে। এ জন্য জায়গা খালি রাখা হয়েছে। সেখানে জমে থাকা পানিতে ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা।
এডিস মশার লার্ভার এমন প্রজননস্থল পাওয়া গেছে চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা খুলশীতে। এডিস মশার উৎস পাওয়ায় সেখানকার আট ভবনমালিককে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তাঁদের ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মনীষা মহাজন।
চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে নগরের খুলশী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ২৫টি ভবনে অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, অভিযানে জ্যোতির্ময় চাকমাকে ১০ হাজার টাকা, গুরুপদ নাথকে ৭ হাজার টাকা, চন্দন ত্রিপুরা, লিমন তালুকদার, মো. আলমগীর ও সাইদুল হককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং আবদুল্লাহ আল জাবেদ ও আবু সৈয়দকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। তাই মানুষকে সচেতন করতে এবং প্রজননস্থল চিহ্নিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। খুলশী আবাসিক এলাকার বেশ কিছু ভবনে দেখা গেছে ছাদ ও ছাদবাগানের টবে পানি জমে রয়েছে। আবার কারও ভবনে এসির পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা হয়নি। তাতে মশার লার্ভা জন্মেছে। অভিজাত এলাকার ভবনমালিকদের এমন অসচেতনতা খুবই হতাশাজনক। তাঁদের উচিত ছিল ভবনের কর্মচারীদের এই ব্যাপারে সতর্ক করা।