চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এই জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এতে নামাজ আদায় করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের নামাজ উপলক্ষে মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। মসজিদ ও এর আশপাশে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জমিয়াতুল ফালাহ মসজিদ ছাড়াও নগরের আরও নয়টি মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে নামাজ শেষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বর্তমান পদ্ধতি অনুযায়ী হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে হবে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানা ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সেটি কমে আসুক, সাধারণ মানুষের জীবনে শান্তি বর্ষিত হোক—আল্লাহের কাছে এই দোয়া করেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, ঈদের বার্তা হচ্ছে সবাই মিলে কাজ করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চারপাশের বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ আজ দিশাহারা। এর মধ্যে ঈদ করতে হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন যেটি আসছে, সেটি নিয়ে মানুষ শঙ্কিত। কেননা, আওয়ামী লীগের ভাষা হচ্ছে যুদ্ধংদেহী। রাজনীতির ভাষায় তাদের ফিরে আসতে হবে। বিএনপি রাজনীতির ভাষায় ফিরে গেছে।