এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে, আশা ওবায়দুল কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজটের জন্য সড়ক কোনো সমস্যা নয়। যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে এক দিনে আরও এক শ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন।

সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়।

চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক নূর ই আলম সই করেন। পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সই করেন প্রদ্যোৎ বিশ্বাস।

অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের মহাপরিচালক রজত মিশ্র।