: সর্বনিম্ন দরদাতার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ১৪ কেজি রুই মাছের পরিবর্তে ছয় কেজি সিলভার কাপ মাছ, পেঁয়াজ এক কেজির পরিবর্তে ২৫০ গ্রাম, রসুন ৭৫০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রাম, চিনি এক কেজি ৮০০ গ্রামের পরিবর্তে ৫০০ গ্রাম।পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এভাবেই রোগীদের খাবার সরবরাহ করছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঘটনাটি হাতেনাতে ধরেছেন। তবে এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যাদেশ পাওয়ার প্রথম দিন থেকে ঠিকাদার কী খাবার পরিবেশন করছেন, এর তালিকা রাখা হয়েছে। এতে প্রতিদিনই গড়মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১১-১২ অর্থবছরে রোগীদের খাবার পরিবেশনের জন্য গত জুন মাসের প্রথম সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়। ১৫ জুন জেলার বিভিন্ন এলাকা থেকে সাতজন ঠিকাদার ৪০টি পণ্যের বিপরীতে দরপত্র জমা দেন। ত্রুটির কারণে একজনের দরপত্র বাতিল হয়। বাকি ছয়জনের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসাবে মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের মালিক ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীকে খাবার পরিবেশনের কাজটি দেওয়া হয়। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর থেকে তিনি রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকা অর্ধেকের কমে নামিয়ে আনেন।দরপত্র জমা দেওয়া মেসার্স সোহান ট্রেডার্সের মালিক মো. আবদুস সালাম বলেন, বিধান রয়েছে বাজার দরের সঙ্গে মিল রেখে দরপত্র জমা দিতে হবে। কিন্তু মণ্ডল এন্টারপ্রাইজকে পথ্য সরবরাহের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এ বিধান মানা হয়নি। তিনি বাজারদরের অনেক কমে কাজটি নিয়েছেন। এখন খাবার তালিকা অর্ধেকে নেমে আসাটাই স্বাভাবিক।এ প্রসঙ্গে দরপত্র বোর্ডের সভাপতি ও সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, বিধান অনুযায়ী বোর্ডের সিদ্ধান্তে সর্বনিম্ন দরদাতা হিসাবে মণ্ডল এন্টারপ্রাইজকে কাজটি দেওয়া হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। তিনি কম পথ্য দিচ্ছেন এ বিষয়েও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।