নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান উদীচীর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোগোফাইল ছবি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, লুটপাটতন্ত্র, কালোটাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ রোববার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাসমূহ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের পক্ষে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশজুড়ে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা এবং বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। জামায়াতের কর্মীকে ভোটের অবৈধ সিলসহ আটক হতে দেখা গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে। জামায়াতের আমিরের নারী কর্মজীবী নারীদের সম্পর্কে অনভিপ্রেত বক্তব্যও লক্ষ করেছে উদীচী। এসব প্রতিরোধে সরকার, নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে উদীচী।