‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেলেন পারভীন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি হোটেলে গতকাল শনিবার পারভীন মাহমুদকে ‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস-২০২৩’ দেওয়া হয়
ছবি: সংগৃহীত

একমাত্র বাংলাদেশি নারী হিসেবে ‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস-২০২৩’ পেয়েছেন পারভীন মাহমুদ। আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখার জন্য ‘লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং’ বিভাগে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি হোটেলে পারভীন মাহমুদের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনে সেখানে উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও অস্ট্রেলিয়া সরকারের অংশীদারত্বে ৩৩টি দেশ থেকে ৫০০টি মনোনয়নের মধ্য থেকে পুরস্কারের জন্য পারভীন মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। কর্মসংস্থান ও পেশাগত দিক দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে অবদানের জন্য নারীদের এ পুরস্কার দেওয়া হয়।

পারভীন মাহমুদ বেগম রোকেয়া পদক (মরণোত্তর) পাওয়া ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমানের জ্যেষ্ঠ কন্যা। তিনি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রথম বোর্ড মেম্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস-২০২৩’-এর সহযোগিতায় ছিল উইমেন ইন ম্যানেজমেন্ট (ডব্লিউআইএম) ও ইনস্টিটিউট অব উইমেন ইন ওয়ার্ক। ডব্লিউআইএমের চেয়ারম্যান ও উইমেন ইন ওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সুলোচনা সেগেরা স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, পারভীন মাহমুদসহ বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রী ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ দেশে বিভিন্ন খাতে তাঁরা ইতিবাচক প্রভাব ফেলেছেন এবং নারীদের অনুপ্রাণিত করেছেন।