বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক বাতি ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস করে দেন।

একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। এসে নিজের কক্ষের ৫০ শতাংশ বাতির সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসেন। এসির তাপমাত্রা এই পর্যায়ে থাকলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তা–ই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদকক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করে সেখানেও এমনটাই করেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে।

আরও পড়ুন

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তিনি দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্যও সবাইকে পরামর্শ দেন।

আরও পড়ুন