বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেনছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জে৵ষ্ঠ সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’–এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমি এ হোসেন।

নবগঠিত পর্ষদের অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডসের হেড অব চেম্বারস খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।