পিরোজপুরের মৃত কনস্টেবল নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

পিরোজপুর পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল পলাশ মোল্লার (২২) মস্তিষ্কে প্রদাহজনিত কারণে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর আগে নিপাহ ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে নিপাহ ভাইরাসের পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ বলে জানা গেছে।

গতকাল রোববার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পলাশ মোল্লার মৃত্যু হয়। তিনি মাগুরা সদর উপজেলার ওলিমারা গ্রামের অলিউর মোল্লার ছেলে। গতকাল রোববার রাতে গ্রামের বাড়িতে পলাশের লাশ দাফন করা হয়েছে।

আরও পড়ুন

পিরোজপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পলাশ মোল্লা পিরোজপুর পুলিশ লাইনসে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেলা ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে ওই দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। তীব্র শ্বাসকষ্ট আর খিঁচুনির কারণে সেখানে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র দিয়ে (লাইফ সাপোর্ট) রাখা হয়। পরদিন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পলাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘পলাশ মোল্লার নিপাহ ভাইরাসের উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। সেখানে নমুনা পরীক্ষার পর নিপাহ ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। পলাশের মৃত্যুর পর আমরা বিষয়টি জানতে পেরেছি।’

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পলাশ মোল্লার লাশ তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।