‘ছোট বাচ্চাদের নিয়ে ঘরের এক কোণে ছিলাম...ভয়ে কাঁপছিলাম’
দুঃখ যেন পিছু ছাড়ছে না রোহিঙ্গা নারী নূর নাহার বেগমের (৪৫)। দুই বছর আগে আগুনে পুড়ে যায় তাঁর ঘর। এবার ঘূর্ণিঝড় মোখায় উড়ে গেছে ঘরের চালের একাংশ। এখনো খোলা পড়ে আছে তা। কখন ঠিক করতে পারবেন, তা–ও জানা নেই তাঁর।
নিজ দেশ মিয়ানমারে ঘর হারিয়ে জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢোকার দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি নূর নাহার। এখন স্বামী-সন্তান নিয়ে ঠাঁই হয়েছে উখিয়ার বালুখালী ৯ নম্বর আশ্রয়শিবিরে।
দুই বছর আগে ২০২১ সালের মার্চে লাগা আগুনে ছাই হয়ে গিয়েছিল মাথা নূর নাহারের মাথা গোঁজার ঘরটি। এরপর সব সামলে আবার সে বসত তৈরি করেছিলেন। এবার ঘূর্ণিঝড় মোখার আঘাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপল আর বেড়ার ঘরটি। চালের ত্রিপলের একাংশ উড়ে যায়। সেই খোলা অংশ দিয়ে আসা বৃষ্টির পানি ভিজিয়ে দেয় ঘরের জিনিসপত্র। অথচ ঝুঁকি জেনেও নিরাপদ আশ্রয়ে যাননি তিনি। সঙ্গে রেখে দিয়েছিলেন তিন সন্তানকে।
আজ সোমবার বেলা আড়াইটায় ক্ষতিগ্রস্ত ঘরের ভেতরে বসে ছিলেন নূর নাহার। একজন প্রতিবেশীর ডাকে বের হয়ে আসেন। ঝড়ের দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘অনেক কষ্টে কিছু জিনিসপত্র জোগাড় করছি। ঘর থেকে বের হয়ে গেলে দেখা যেত সে সব ডেকচি, পাতিলও কেউ চুরি করে নিয়ে যেত। তাই বাইরে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু ঝড়ে যে এমন বাতাস আসবে, তা কল্পনাও করিনি। ছোট বাচ্চাদের নিয়ে ঘরের এক কোণে কোনোরকমে বসে ছিলাম। ভয়ে কাঁপছিলাম তখন। কখন ঝড় শেষ হবে সেটাই ভাবতে থাকি। এর মধ্যে এক বাতাসে ঘরের চালের এক কোনা ওড়ে যায়। এরপরও মাথায় শুধু একটাই চিন্তা ছিল, জীবন বাঁচাতে হবে।’
নূর নাহারের স্বামী আজিজুর রহমান দিনমজুর। ঘর ঠিক করার জন্য সহায়তার অপেক্ষায় আছেন নূর নাহার। ঘূর্ণিঝড়ে তাঁর প্রতিবেশী আরও চারজনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ দুপুরে এই রোহিঙ্গা শিবিরে সরেজমিনে দেখা যায়, পাহাড় ও সমতলে এই শিবিরের অবস্থান। সমতলে বসতি রয়েছে, পাশাপাশি পাহাড়ের ভাঁজে ভাঁজেও ঘর করে থাকছেন রোহিঙ্গা লোকজন। ব্লকটিতে এবারের ঘূর্ণিঝড়ে সমতলের তুলনায় পাহাড়ে থাকা ঘরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর বেশির ভাগের চাল উড়ে গেছে।
আরআরআরসির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে শিবিরের মোট ২ হাজার ৫৪৮টি ঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি লার্নিং সেন্টার, ২৯টি মসজিদ ও মক্তব, ১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র।
দুপুরে ব্লকটিতে গিয়ে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত হওয়া ঘর ঠিক করতে কাজে নেমে পড়েছেন রোহিঙ্গা নারী-পুরুষ।
নূর নাহারের প্রতিবেশী জাকির হোসেন তাঁর ঘরের চাল ঠিক করছিলেন ছেঁড়া ও পুরোনো ত্রিপল দিয়ে কোনো রকম চাল ঢেকে দিচ্ছিলেন। ঘরের কাজ করতে করতে বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর ঘরের এই ক্ষতি হয়েছে। ঘরের চাল উড়ে গেছে নূর হালিমা ও নজিমুল হকের। তাঁরা দুপুরে ব্যস্ত ছিলেন ঘর ঠিক করতে। যাতে অন্তত কোনো রকম রোদের তেজ থেকে রক্ষা পাওয়া যায়।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে।
এবারের ঘূর্ণিঝড়ে ৩৩টি রোহিঙ্গা শিবিরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ নম্বর শিবির। এই রোহিঙ্গা শিবিরের ৪৮৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি লার্নিং সেন্টার (শিক্ষা কেন্দ্র) নষ্ট হয়েছে। এই তথ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি) কার্যালয়ের। তাদের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে শিবিরের মোট ২ হাজার ৫৪৮টি ঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২টি লার্নিং সেন্টার, ২৯টি মসজিদ ও মক্তব, ১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। শিবিরগুলোর বিভিন্ন এলাকায় ২২৬টি গাছ উপড়ে পড়েছে।
শিবিরে তুলনামূলক ক্ষতির পরিমাণ বেশি হওয়ার কারণ জানতে চাইলে ৯ ও ১০ নম্বর শিবিরের তত্ত্বাবধায়ক সারওয়ার কামাল বলেন, এই দুটি শিবির খুবই জনবহুল ও ঘনবসতি। প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করেন। শিবিরের ঘরগুলো নির্মাণ করা হয়েছে পাহাড়ের ওপরে। বৃষ্টি হলেই ভূমি ধসের ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া অনেকগুলো ঘর এক-দুই বছরেও সংস্কার করা হয়নি। এতে নড়বড়ে ও দুর্বল হয়ে গেছে। মূলত এই তিনটি কারণে শিবির দুটিতে ঝড়ে বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতির প্রাথমিক তালিকা করা হয়েছে এবং সংস্কারে কী কী লাগবে, তার তালিকাও আজ-কালের মধ্যে হয়ে যাবে বলে জানান সারওয়ার কামাল।
রোহিঙ্গা শিবিরের ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।