হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা ডিবিতে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার বনানী থানা থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছেন।
মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন শামীম। তিনি আজ বিকেলে প্রথম আলোকে জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলার নথিপত্র আজ শনিবার বুঝে পেয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা মানিক গাজী, আল আমিন ও মাসুদ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাঁচজন ছাড়া অন্যরা শুরু থেকেই কারাগারে আটক আছেন।
ডিবির কর্মকর্তা রিফাত হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলায় যাঁরা জড়িত, তাঁদের আইনের আওতায় নিতে নির্দেশ দিয়েছে সরকার। এখন ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে তাঁর উদ্দেশে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে হিরো আলমকে স্কুল ফটকের বাইরে পৌঁছে দেন। তখন নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে রাস্তায় ফেলে পেটান।
পরের দিন ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।