দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতেই পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে।

হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার নতুন করে হুপিং কাশি শনাক্ত হওয়ার কথা জানা গেল। হুপিং কাশি শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ। রোগটি টিকায় প্রতিরোধযোগ্য উল্লেখ করে জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, এই রোগ শনাক্ত হওয়ায় শিশুদের টিকা পাওয়ার ঘাটতির দিকটি আরও স্পষ্ট হলো। এ ঘটনা দেশের মানুষের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ।

গতকাল শনিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী প্রথম আলোকে বলেন, রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পাঁচজন রোগীর কথা জানা গেছে। তাঁরা চিকিৎসাধীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে কোনো হুপিং কাশির রোগী ছিল না। ২০১৮ সালে ৩ জন, ২০১৯ সালে ১২ জন এবং ২০২০ সালে ১ জন রোগী শনাক্ত হয়। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে কোনো হুপিং কাশির রোগীর তথ্য দেখা যায়নি।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী প্রথম আলোকে বলেন, রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পাঁচজন রোগীর কথা জানা গেছে। তাঁরা চিকিৎসাধীন।

এরপর হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ বেশ কয়েক বছর হুপিং কাশি–মুক্ত ছিল উল্লেখ করে রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টিকা না পাওয়ার কারণে যেমন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ঠিক একই কারণে হুপিং কাশি ফিরে এসেছে। আমরা আশঙ্কা করেছিলাম, হুপিং কাশি, ডিফথেরিয়া বা ধনুষ্টংকারের মতো রোগ আবার ফিরে আসতে পারে। হুপিং কাশি শনাক্তের মধ্য দিয়ে সেই আশঙ্কাই সত্য হলো।’

গতকাল অধ্যাপক মাহমুদুর রহমান ছাড়াও আইইডিসিআর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের রোগ নজরদারিবিষয়ক প্রতিষ্ঠান সিডিসির ঢাকার কর্মকর্তাসহ কয়েকজন জনস্বাস্থ্যবিদ ও টিকাবিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের প্রত্যেকেই বলেন, হুপিং কাশি ফিরে আসা উদ্বেগজনক।

টিকা না পাওয়ার কারণে যেমন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ঠিক একই কারণে হুপিং কাশি ফিরে এসেছে। আমরা আশঙ্কা করেছিলাম, হুপিং কাশি, ডিফথেরিয়া বা ধনুষ্টংকারের মতো রোগ আবার ফিরে আসতে পারে। হুপিং কাশি শনাক্তের মধ্য দিয়ে সেই আশঙ্কাই সত্য হলো।
রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান

হুপিং কাশি কী, লক্ষণ কী

ইপিআইয়ের কাগজপত্রে বলা হয়েছে, ‘বরডেটেলা পারটুসিস’ নামের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হুপিং কাশি হয়। যেকোনো বয়সে এই রোগ হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এই রোগ মারাত্মক হতে পারে। আক্রান্ত রোগীর মুখগহবর, নাসিকা ও গলদেশে এই রোগের জীবাণু থাকে। এই রোগে আক্রান্ত হলে কয়েক সপ্তাহ পর্যন্ত কাশি থাকে। কাশির সময় শিশুর শরীর নীলাভ হয়ে যায় ও শিশু বমি করতে পারে।

হুপিং কাশি হলে প্রথম সপ্তাহে জ্বর হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ–মুখ লাল হয়ে যায় এবং কাশি দেখা দেয়। দ্বিতীয় সপ্তাহে কাশি মারাত্মক আকার ধারণ করে, কাশির সময় শিশুর কষ্ট হয়, চোখ স্ফীত ও লাল হয়, কাশির সময় শিশু ‘হুপ’ শব্দ করে। কাশি যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে চলে, তাহলে হুপিং কাশি বলে অনুমান করা যেতে পারে।

আশঙ্কার কারণ হচ্ছে, হুপিং কাশির কারণে শিশু দুর্বল হয়ে যায় ও অপুষ্টিতে ভোগে। এর কারণে শিশুর নিউমোনিয়া দেখা দেয়, চোখে রক্ত জমাট বাঁধে, মস্তিস্কের ক্ষতি হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ প্রথম আলোকে বলেন, ভয়ের কিছু নেই। সব সরকারি হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্ভব। হুপিং কাশির লক্ষণ দেখা দিলে শিশুকে হাসপাতালে আনতে হবে।

হুপিং কাশিতে আক্রান্ত শিশু হাঁচি–কাশি দেওয়ার সময় বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে, এমনকি আক্রান্ত শিশুর ব্যবহৃত সামগ্রীর (তোয়ালে, খেলনা) মাধ্যমে এই রোগের জীবাণু সুস্থ শিশুর শরীরে প্রবেশ করতে পারে।

আশঙ্কার কারণ হচ্ছে, হুপিং কাশির কারণে শিশু দুর্বল হয়ে যায় ও অপুষ্টিতে ভোগে। এর কারণে শিশুর নিউমোনিয়া দেখা দেয়, চোখে রক্ত জমাট বাঁধে, মস্তিস্কের ক্ষতি হতে পারে।

টিকায় প্রতিরোধ

হুপিং কাশি প্রতিরোধে টিকা আছে। তবে অন্য আরও কয়েকটি রোগের টিকার সঙ্গে এই টিকা দেওয়া হয়। হুপিং কাশি, ডিফথেরিয়া, ধনুষ্টংকার, হেপাটাইটিস–বি ও হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা–বি প্রতিরোধে শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকার তিন ডোজ দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় শিশুর ছয় সপ্তাহ বয়সে, দ্বিতীয় ডোজ দেওয়া হয় শিশুর ১০ সপ্তাহ বয়সে এবং তৃতীয় বা শেষ ডোজ দেওয়া হয় শিশুর ১৪ সপ্তাহ বয়সে। অর্থাৎ চার সপ্তাহ পরপর এই টিকা দেওয়া হয়। শিশুর বাঁ ঊরুর মধ্যভাগের সামনের দিকে এই টিকা দেওয়ার কথা।

ইপিআইয়ের মাঠকর্মীরা নিয়মিত টিকা কার্যক্রমের সময় শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকা দেন। বাংলাদেশে হুপিং কাশির টিকা দেওয়া হচ্ছে ১৯৭৯ সাল থেকে।

টিকা প্রাপ্তি নিয়ে ইপিআই সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ২০২৩ সালে। এতে দেখা যায়, পেন্টাভ্যালেন্ট টিকার প্রথম ডোজ পেয়েছে ৯৯ শতাংশ শিশু, দ্বিতীয় ডোজ পেয়েছে ৯৮ শতাংশ শিশু এবং তৃতীয় ডোজ পেয়েছে ৯১ শতাংশ শিশু। ওই মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, টিকা পাওয়ার হার শহর এলাকায় তুলনামূলকভাবে কম।

কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। অস্থির হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। বিষয়টির দিকে আমাদের সতর্ক নজর রাখতে হবে।
শিশুরোগ–বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা

বাস্তব পরিস্থিতি

এ বছরের মার্চে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর জানা যায়, বহু শিশু হামের টিকা পায়নি। কাগজে–কলমে হামের টিকা পাওয়ার যে হার দেখানো হয়, বাস্তবে তা দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জনস্বাস্থ্য–বিশেষজ্ঞ ও টিকা–বিশেষজ্ঞরা বলেন, টিকা প্রাপ্তির হারের পরিসংখ্যানে গলদ আছে।

গত ৯ মাসে শিশুরা টিকার বাইরে থাকার বেশ কিছু কারণ চিহ্নিত হয়েছে। এর মধ্যে আছে—মাঠপর্যায়ে টিকাকর্মীর ঘাটতি, করোনা মহামারির সময় টিকা কার্যক্রম বন্ধ থাকা ও টিকা নিতে মানুষের অনাগ্রহ এবং ২০২৫ সালে বিভিন্ন দাবিতে মাঠকর্মীদের কয়েক দফা কর্মবিরতি।

হাম ছিল আগাম সংকেত

নাম প্রকাশ না করার শর্তে একজন জনস্বাস্থ্যবিদ প্রথম আলোকে বলেন, টিকার ক্ষেত্রে বাংলাদেশে কী ঘটেছে এবং এ দেশের শিশুরা কতটা রোগ প্রতিরোধক্ষমতাহীন অবস্থায় আছে, তার নির্দেশক হচ্ছে হামের প্রাদুর্ভাব। হামের প্রাদুর্ভাব বলে দেয় যে দেশে আরও রোগের প্রাদুর্ভাব ঘটতে যাচ্ছে, স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের গলদ আছে এবং মানুষ রোগ প্রতিরোধে দুর্বল (ইমিউনিটি গ্যাপ) অবস্থায় আছে।

গত মাসে আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞদের একটি যৌথ স্বাধীন মূল্যায়নে বলা হয়েছিল, বাংলাদেশে হুপিং কাশি ও ডিফথেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

টিকাবিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইট্যাগের সভাপতি ও শিশুরোগ–বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। অস্থির হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। বিষয়টির দিকে আমাদের সতর্ক নজর রাখতে হবে।’