পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালেছবি: পিএমও

পরিবেশের যত্ন নিতে ও যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে তারেক রহমান এ আহ্বান জানান। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন।

সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে
ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ–জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁর সরকারের পরিকল্পনা হলো, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

রোপণ করা গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, রোপণ করা গাছ বড় হলে পরিবেশগত উপকারিতাসহ অন্যান্য সুফল সবাই পাবে।

যাত্রাপথে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরিবেশের যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট–বড় সব মানুষেরই ক্ষতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, সেখানে–সেখানে আবর্জনা যেন না ফেলি।’

বরিশাল জেলা সফরের উদ্দেশ্যে আজ সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তারেক রহমান রওনা দেন।

সফরকালে তারেক রহমান একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড প্রদান, সাংগঠনিক সভা প্রভৃতি।

বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।