কানাডায় সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবারকে সব জানানো হয়েছে

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দেশটির ডান্ডাস স্ট্রিট ওয়েস্টের ৪২৭ নম্বর মহাসড়কের দক্ষিণমুখী র‍্যাম্পে সড়ক দুর্ঘটনায় ওই তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। চারজনের পরিবারকে ইতিমধ্যেই সব জানানো হয়েছে।

আরও পড়ুন

এদিকে কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তবে কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের কোনো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশের পক্ষ থেকে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি বলেছে, চারজনের পরিবারকে ইতিমধ্যেই সব তথ্য জানানো হয়েছে। টরন্টো পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের ওই এলাকায় ডাকা হয়। তাদের বলা হয়েছে যে একটি গাড়ি উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।