ঢাকা থেকে আট দিনে মধ্যপ্রাচ্যগামী ২৬৮ ফ্লাইট বাতিল
যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার (৭ মার্চ) পর্যন্ত আট দিনে এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্য অনুযায়ী, এর মধ্যে আজ শনিবার ঢাকা থেকে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইনসের চারটি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচল করা উড়োজাহাজের ওপর।
এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। পরদিন, ১ মার্চ বাতিল হয় ৪০টির। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি উড়োজাহাজের চলাচল বাতিল হয়।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজ পরিচালনা করা আগের অবস্থায় ফিরতে সময় লাগতে পারে বলে মনে করছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।