৬ সিটি প্রশাসকের বৈধতা নিয়ে রিট আবেদন
ঢাকা উত্তর, দক্ষিণসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।
ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।
আইনজীবী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, এই আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে। এর আগে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই করপোরেশনগুলোতে মেয়রদের বরখাস্ত করে প্রশাসক নিয়োগ করেছিল। নতুন সরকার সেই প্রশাসকদের সরিয়ে দলীয় নেতাদের পদগুলোতে বসায়।
রিট আবেদনে ছয় প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার বিভাগের গত ২২ ফেব্রুয়ারির ‘মেমো’ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, মেমোর কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না, এই রুল চাওয়া হয়েছে।
আইন অনুসারে, ৩০ দিনের মধ্যে মেয়র নির্বাচনের জন্য সব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের নির্দেশনাও চেয়েছেন আইনজীবীরা। নির্বাচন না হওয়া পর্যন্ত এই সিটি করপোরেশনগুলোতে জেলা প্রশাসকদের দিয়ে করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ছয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
ছয়টি সিটি করপোরশনে যাঁদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।