ভার্জিনিয়ায় সমাজ-সংস্কৃতি কেন্দ্রের আত্মপ্রকাশ, জুলাইয়ের চেতনা ধারণ ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

নাগরিক প্ল্যাটফর্ম ও গবেষণা-উদ্যোগ ‘সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচার (সিএসসি)’ বা সমাজ-সংস্কৃতি কেন্দ্রের যাত্রা শুরু করেছে। ওয়াশিংটনের ভার্জিনিয়ার উডব্রিজে গত শনিবার এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে ‘৩৬ জুলাই: দৃঢ়তায় প্রজ্বলিত, ভবিষ্যতের জন্য একতা’—শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধারণ করা ও রাষ্ট্র সংস্কারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সিএসসি পরিচালক মুনা হাফসার সই করা এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে। সিএসসি ছাড়াও জুলাই হাউস, ব্যান্ড, সেভ বাংলাদেশ, সোচ্চার এবং দ্য বেঙ্গল কাউন্সিলের যৌথ সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে ভিডিওবার্তা দেন চলচ্চিত্র নির্মাতা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাংলাদেশপন্থী সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘জুলাই রেকর্ডস’–এর চেয়ারম্যান কাজী ওয়ালি উল্লাহ বলেন, আন্দোলনের মৌখিক ইতিহাস সংরক্ষণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিদের মেধা ও দক্ষতাকে নিয়মতান্ত্রিকভাবে চিহ্নিত করে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে যুক্ত করা জরুরি।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচার (সিএসসি)’ আত্মপ্রকাশ করেছে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৮ আগস্ট ২০২৬।
ছবি: বিজ্ঞপ্তি

এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহীদ রাব্বির বোন মিম আক্তার ও দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন মুনা হাফসা ও সিএসসির প্রধান সদস্য রেদওয়ান হোসেন তালুকদার। তাঁরা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে তাঁদের ভবিষ্যৎ সাংস্কৃতিক উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ–অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।