জামিন আবেদন নিয়ে তথ্য গোপন, আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
জামিন আবেদন বিষয়ে তথ্য গোপনের ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
সাকিব ওরফে সাকিব হাসান লিটন নামের এক আসামির জামিন আবেদন (পটুয়াখালী, টেন্ডার নং–৫০৮১১) বেঞ্চটির আজকের কার্যতালিকায় ১৫ নম্বর ক্রমিকে ছিল। রাষ্ট্রপক্ষের তথ্যমতে, শুনানির সময় তথ্য গোপনের বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ। পরে জামিন আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
হাইকোর্টের এই বেঞ্চে জামিন আবেদনটি গত ২৬ জুলাই জমা দেওয়া হয়, যা নিয়মিতভাবে তালিকায় আসছিল বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, এ সত্ত্বেও একই টেন্ডার নম্বরে বিষয়টি হাইকোর্টের অন্য একটি বেঞ্চে জমা দেওয়া হয়। অন্য বেঞ্চ ৩ আগস্ট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। নিয়ম হচ্ছে একটি টেন্ডার নম্বরে একটি কোর্টেই মামলা থাকবে। অথচ এই কোর্টে আবেদনটি থাকা অবস্থায় একই টেন্ডার নম্বর নিয়ে অন্য বেঞ্চে দাখিল ও কার্যতালিকা থেকে বাদ দেওয়ার তথ্য গোপন করা হয়। বিষয়টি নজরে আসার পর আদালত সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।
আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমান সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ। তিনি বলেন, এরপর আদালত আবেদন খারিজ করে দিয়ে ওই আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়—এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।’