সদরঘাটে যাত্রীদের চাপ বাড়ছে
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন। টার্মিনালে যাত্রীদের চাপ রয়েছে। নোঙর করা সব লঞ্চে উল্লেখ্যযোগ্যসংখ্যক যাত্রী রয়েছেন।
লঞ্চঘাটে বসে ছিলেন মো. হুমায়ুন কবির। তিনি বেলা ১টার দিকে এখানে এসেছেন। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন বিকেল ৪টা ২০ মিনিট।
রাজধানীর পল্টন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, তাঁরা প্রায় ২০ জন একসঙ্গে এসেছেন। তাঁরা যাবেন ভোলার চরফ্যাশন। আল ওয়ালিদ-৪ নামে একটি লঞ্চ আছে। তবে সেটি যাত্রীতে ভরে গেছে। সেখানে সিট পাওয়া যাবে না।
আরও একটি লঞ্চ আসার কথা রয়েছে। সেখানে সিট পাবেন, সেই আশায় তাঁরা অপেক্ষা করছেন।
হুমায়ুন কবিরের ভাগনে নোমান বাদশা প্রথম আলোকে বলেন, তাঁদের লঞ্চে যাওয়াই ভালো। সড়কপথে তাঁদের ভোগান্তি বেশি। তবে তাঁদের ভোগান্তি আছেই। কারণ, আজ দুপুরে তাঁরা এসেছেন, আগামীকাল সকালের আগে পৌঁছতে পারবেন না।
আল ওয়ালিদ-৪ নামের লঞ্চে এসেই উঠে পড়েছেন মো. হাসনাইন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, তিনি বেলা ৩টার দিকে এসেই এই লঞ্চে উঠেছেন। এখনো কোনো টিকিট কাটেননি। মাঝপথে টিকিট কাটবেন।
ঈদযাত্রা উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিশেষ দায়িত্ব পালন করছেন আনসার সদস্য মো. আজিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার থেকে সদরঘাটে যাত্রীদের চাপ তৈরি হয়েছে। আজ সকাল থেকেই এখানে যাত্রীদের চাপ রয়েছে। বিকেলের দিকে কিছুটা বেড়েছে।