ঐতিহাসিক বাংলোটি সংরক্ষণ করতে চায় সরকার
বাংলোটি ঐতিহাসিক। এখানে ১৯৭১ সালে গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর। বাংলোটি সংরক্ষণ করতে চায় সরকার। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা–বাগানে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলোটিকে সংরক্ষণ করে জাদুঘরে রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) অধীনে থাকা বাংলোসহ সংশ্লিষ্ট জমির লিজ বাতিল করতে হবিগঞ্জ জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে চা–বাগানের শ্রমিকেরা এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন।