কলাকেন্দ্রে চলছে ‘টেক্সচার অ্যান্ড মিকশ্চার’ প্রদর্শনী
রাজধানীর কলাকেন্দ্রে চলছে উরাওঁ, মারোয়াড়ি ও বিহারিদের ওপর করা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘টেক্সচার অ্যান্ড মিকশ্চার’। এতে স্থান পেয়েছে শিল্পী মনন মুনতাকার তোলা ৬৫টি আলোকচিত্র, ১টি অডিও ও ১টি ভিডিও।
২৮ জুলাই বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এই প্রদর্শনীর ছবিগুলোয় পরিশ্রমের ছাপ স্পষ্ট। এভাবেই উঠে আসে অপ্রচলিত ধারার জীবনের গল্প।
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘আমাদের দেশ অনেক বৈচিত্র্যময়। সেসব বৈচিত্র্যের সন্ধান আমরা কমই জানতে পারি। প্রদর্শনীর ছবিগুলো থেকে এর কিছুটা আভাস পাওয়া যায়।’ এ সময় তিনি নিজের চোখে দেখা বহুদিন আগের উত্তরাঞ্চলের স্মৃতিচারণা করেন।
শিল্পী মনন মুনতাকা বলেন, সবকিছুর খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। সামাজিক-সাংস্কৃতিক নিপীড়ন ও গুরুতর বৈষম্যের সম্মুখীন এই সম্প্রদায়গুলো খুব দ্রুত তাদের ইতিহাস, ভাষা, আচার-অনুষ্ঠান, গান ও ধর্মগ্রন্থ সংরক্ষণের অধিকার হারাচ্ছে। স্থির ও চলমান ছবি এবং অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা নথিভুক্ত করার চেষ্টা করেছেন তিনি।
শিল্পী ছবি তুলেছেন উত্তরবঙ্গের প্রান্তিক মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনের নানা অনুষঙ্গ নিয়ে। ‘টেক্সচার অ্যান্ড মিকশ্চার’ প্রদর্শনী চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্র গ্যালারিতে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।