জিপির ব্যালান্স দিয়ে সরকারি সেবার ফি দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি সিস্টেমে গ্রামীণফোনের সঙ্গে ডিওবি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

এখন থেকে গ্রামীণফোনের (জিপি) গ্রাহকেরা নিজেদের মোবাইল ব্যালান্স ব্যবহার করে ঘরে বসেই ৩২টি সরকারি সেবার ফি বা বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি এ–সংক্রান্ত একটি চুক্তি সই করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) ও গ্রামীণফোন।

এ চুক্তির ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)-এর অন্তর্ভুক্ত হবে। গ্রাহকেরা তাঁদের মোবাইল ব্যালান্স ব্যবহার করে ঘরে বসেই কয়েকটি ধাপ পেরিয়ে সহজে বিভিন্ন সেবার ফি কিংবা বিল পরিশোধ করতে পারবেন।

বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের প্রত্যয়ন.জিওভি.বিডি পোর্টালের একপে পেমেন্ট গেটওয়েতে মোবাইল ব্যালান্স নির্বাচন করতে হবে।

মোবাইল নম্বর ও ওটিপি দেওয়ার পর গ্রাহকের মোবাইল থেকে সার্ভিস ফি কেটে নেওয়া হবে। এ সেবা ব্যবহারে প্রথমেই গ্রাহককে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পোর্টালে নিজের প্রোফাইল তৈরি করতে হবে।

এটুআইয়ের আইসিটি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সমন্বিত উদ্যোগ একপে-তে সব ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা হয়েছে।

দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আরও বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এতে সময় ও ব্যয় সাশ্রয় হবে। কমবে বিল পরিশোধের ঝামেলা।

এ বিষয়ে গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, বিল পরিশোধের ঝামেলা দূর করা ও গ্রাহকদের জীবন সহজ করে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রবির গ্রাহকদের জন্য মোবাইলের ব্যালান্স দিয়ে সরকারি সার্টিফিকেশন বা প্রত্যয়ন এবং মাইগভ সেবার অর্থ পরিশোধ করার সুযোগ চালু হয়েছে।