সংস্কারকাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি

গত ২৮ ডিসেম্বর ইসলামপুরের নাপিতের বাজার এলাকা থেকে তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার ছয় কিলোমিটার দীর্ঘ একটি সড়কের নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দেন ঠিকাদার। গত সাড়ে তিন বছরেও ঠিকাদার কাজ শেষ করেননি। এরপরও অর্ধেকের বেশি টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যে পরিমাণ কাজ হয়েছে, তা–ও নিম্নমানের কাজ করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে অনেক স্থানে নির্মাণ করা সড়ক ধসেও গেছে।  

মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স নামের একটি লাইসেন্সে কাজটি করছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন। উপজেলার দুরমুঠ থেকে নীলক্ষিয়া পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক নির্মাণে মেয়াদ বাড়ানো হয়েছে তিনবার। এরপরও কাজটি শেষ করতে না পারায় সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনেছে। ফলে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে গুনতে হবে জরিমানা। এরপরও কবে এ সড়কের কাজ শেষ হবে, জানেন না কেউ। স্থানীয় এক ব্যক্তির এক্সকাভেটর দিয়ে সড়কে মাটি ফেলার কাজ করান ওই সংসদ সদস্যের লোকজন। কিন্তু তাঁর বিলও পরিশোধ করেননি করা হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকই ৩ কোটি ৩৭ লাখ টাকা বিল তুলে নিয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, কাজটি করছেন একজন সংসদ সদস্য। ওই সংসদ সদস্যের গাফিলতিতে সড়কটি নির্মাণের কাজ ঢিমেতালে চলছিল। এখন পুরো কাজই বন্ধ। যেটুকু কাজ সম্পন্ন করেছে, সেটাও নিম্নমানের হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে সড়কটি ভেঙে গেছে। সড়কটি দিয়ে বাইবান্ধা ইউনিয়নের লোকজন ইসলামপুর শহর ও বকশীগঞ্জ উপজেলায় যাতায়াত করেন। সড়কটি নির্মাণকাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ওই লাইসেন্সে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য সড়কের নির্মাণকাজ করছেন। কাজটির দুই কিলোমিটার কার্পেটিং শেষ হয়েছে। বাকি চার কিলোমিটার ম্যাকাডাম পর্যন্ত করা হয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। বড় সমস্যা, যিনি কাজটি তদারক করতেন, তিনি অসুস্থ থাকায় আরও দেরি হচ্ছে। তবে দ্রুত কাজটি শেষ করতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, প্রায় সাড়ে তিন বছর আগে সড়কটি নির্মাণ করার জন্য ‘ময়মনসিংহ অঞ্চল পল্লি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুরমুঠ থেকে নীলক্ষিয়া পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। মূল্যায়ন, প্রাক্কলন ও দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০১৯ সালের ২৪ মার্চ ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৫ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৯৮ টাকা। কাজটি পায় চট্টগ্রামের মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স। তবে কাজটি করছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন। ২০২০ সালের ২৯ মার্চ সড়কটি নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তিনবার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩ অক্টোবর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।

গত ২৮ ডিসেম্বর দেখা যায়, চানগঞ্জ নৌকাঘাট থেকে মহিষকুঁড়া এবং বলিদাপাড়া মোড় থেকে সাজিমারা পর্যন্ত এই দুই অংশের চার কিলোমিটার সড়কের কাজ পড়ে রয়েছে। পুড়ারচর মণ্ডলপাড়া বাজার থেকে নাপিতের চর বলিদা পাড়া মোড় পর্যন্ত অংশের দুই কিলোমিটার কাজ শেষ হয়েছে। আগে সড়কটির কোথাও কাঁচা, কোথাও ইট বিছানো ছিল। বর্তমানে চানগঞ্জ নৌকাঘাট থেকে মহিষকুঁড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়ক খুঁড়ে দুই পাশে ইট গেঁথে বালু ও খোয়া ফেলে ভরাট করা হয়েছে। প্রায় সাত মাস আগে বালু ও খোয়ার কাজ করা হয়েছে। আর কার্পেটিং করা হয়নি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে ধসে ও ভেঙে গেছে। বলিদাপাড়া মোড় থেকে সাজিমারা পর্যন্ত অংশের দুই কিলোমিটার সড়কেও বালু ও খোয়া ফেলে ভরাট করা হয়েছে। তবে কিছু জায়গার খোলা রোলার করা হয়নি। ফলে খোয়ার ওপর দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখায় যে চার কিলোমিটার সড়কে বালু-খোয়া ফেলা হয়েছিল, সেখানেও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে তাতে পানি জমে এবং শুকনা মৌসুমে ওড়ে ধুলা।

সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, ‘এ রাস্তার সব উপকরণের দাম বেড়ে গেছে। এরপরও টাকাপয়সাও দেয় না এলজিইডি। ওই দপ্তরকে টাকা দিতে বলছি বাকি কাজ করার জন্য। টাকা দেয় না। তবে কাজটি প্রায় শেষের পথে। শুধু কার্পেটিং বাকি রয়েছে। এবার আমি জামালপুর গিয়ে সড়কের কাজটি শেষ করার সব ব্যবস্থা গ্রহণ করব।’