অদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রাম জীবনযুদ্ধে জয়ের হাতিয়ার: তথ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে স্কলাস্টিকার প্রধান শাখায় আজ বৃহস্পতিবার ‘এ লেভেল’ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

অদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রাম জীবনযুদ্ধে জয়ের সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। ইচ্ছাশক্তির কমতিই এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে স্কলাস্টিকার প্রধান শাখায় ‘এ লেভেল’ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘প্রতিবন্ধকতা দেখে হতোদ্যম না হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। কোনো পরীক্ষার ফল খারাপ হলে মন খারাপ নয়, সেখান থেকেই নতুন উদ্যমে চেষ্টা করতে হবে। দৃপ্ততার সঙ্গে শপথ নিতে হবে—আমাকে বিশ্বজয়ী হতে হবে, আমাকে এটা করতে পারতেই হবে, আমি সফল হবোই। তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে।’

জীবনের কোনো কোনো পর্যায়ে আমাদের একা লড়াই করতে হয়, উল্লেখ করে মন্ত্রী এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লতা মঙ্গেশকর ও বিল গেটসের মতো সফল ব্যক্তিদের জীবনের হার না মানা সংগ্রামের উদাহরণ তুলে ধরেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের তাদের আজকের অবস্থানে উত্তরণের পেছনে মা-বাবা, পরিবার ও শিক্ষকদের যে পরম অবদান রয়েছে, তা সারা জীবন স্মরণ রেখে সম্মান দিতে হবে।

‘আশা ও আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্কলাস্টিকার পক্ষে মিরপুর সিনিয়র শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার ও হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা বক্তব্য দেন।

এ বছর সনদপ্রাপ্ত ১১৩ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের হাতে ‘হায়েস্ট ইন সাবজেক্ট’, ১৬ জনের হাতে ‘হাই অনার’ ও ৫ জনের হাতে ‘অনার’ সনদ তুলে দেন হাছান মাহমুদ। সনদ বিতরণের মধ্যে বিরতিতে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।