বিএনপি নেতা শাহাদাতসহ ১৭৯ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন
(ফাইল ছবি)

১১ বছর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ বিএনপি–জামায়াতের ১৭৯ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, আদালত ১৭৯ আসামির বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করেন। আসামিদের বেশির ভাগই উপস্থিত ছিলেন। শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

মামলার আসামি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা পুরোনো মামলাগুলোর বিচারকাজ সরকারের নির্দেশে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আন্দোলন–সংগ্রামে নেতা–কর্মীরা অংশ নিতে না পারেন। কিন্তু এ নিয়ে নেতা–কর্মীরা মোটেই শঙ্কিত নন। সরকার পতনের এক দফা আন্দোলন চলবে।

১৭৯ আসামির মধ্যে শাহাদাত, সুফিয়ান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নগরের পতেঙ্গা থানা জামায়াতে ইসলামীর সাবেক আমির জাকির, নগরের ৪০ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি দিদার আলম প্রমুখ রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৩ মে নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকায় ১৮–দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ছয়–সাতজন পুলিশ সদস্য আহত হন। নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়েছিল। শাহাদাতসহ আসামিদের হাতে ছিল লাঠিসোঁটা। তাঁরা সবাই মিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন।