ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আগামী বছরের ১১ জানুয়ারি নতুন দিন রেখেছেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের (হাইকোর্ট) নির্দেশে আসামি সরদার মোশাররফ হোসেনের মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে আজ এককভাবে কেবল টিউলিপের বিরুদ্ধে শুনানি না করে আদালত আগামী বছরের ১১ জানুয়ারি অভিযোগ শুনানির নতুন দিন ঠিক করেন।
মামলার আসামি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মামলার অপর আসামি সরদার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।
গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল এই মামলা করেছিল দুদক।