পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগুলো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তান, ১০ জুলাই, ২০২৩ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জন্য ১ হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন। বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগুলো সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার কাছে বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হয়।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।