চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর এলাকায় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের তামালতলাপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দাউদ আলীর স্ত্রী। দুর্ঘটনায় ভ্যানের আরও চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের ভ্যানচালক বাবলু হোসেন (৪৫), জামেলা খাতুন (৫৫), গঞ্জেরা বেগম (৫০) ও রিজিয়া বেগম (৬০)। তাঁদের মধ্যে রিজিয়া বেগমকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহজামাল উদ্দিন জানান, তিনি চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে দর্শনায় যাচ্ছিলেন। লোকনাথপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের একটু আগে একটি মোটরসাইকেল তাঁর পাশ কাটিয়ে চলে যায়। কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যানচালক ও ভ্যানের চার যাত্রী আহত হন। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রিজিয়া বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে সেখান থেকে চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন ইসলাম পরীক্ষা-নিরীক্ষার পর নূরজাহানকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই নুরজাহানের মৃত্যু হয়। তবে আহত অন্যরা শঙ্কামুক্ত। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।