ড্রিল মেশিনে নালার দেয়াল ভেঙে গরু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নালায় পড়ে আটকে যায় কোরবানির জন্য কেনা এই গরু
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

কোরবানির জন্য হাট থেকে গরু কিনেছিলেন চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা ওমর বিন ওসমান। চরানোর জন্য আবাসিক এলাকার মাঠে নিয়ে যান গরুটিকে। একপর্যায়ে গরুটি মাঠের পাশের নালায় পড়ে যায়। অনেক চেষ্টা করেও সেখান থেকে তুলতে ব্যর্থ হন। এতে বেশ মুষড়ে পড়েন ওমর বিন ওসমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর নালা থেকে গরুটি উদ্ধার করেন।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গরুটির ক্রেতা ওমর বিন ওসমান সেখানকার বি-ব্লকের বাসিন্দা।

চট্টগ্রাম নগরের কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন প্রথম আলোকে বলেন, গত রোববার গরুটি কেনা হয়েছিল। আজ বিকেলে গরুটিকে মাঠে নিয়ে যান ওমর। এলাকার অন্যরাও মাঠে গরু নিয়ে এসেছিলেন। কিন্তু ওমরের গরুটি নালায় পড়ে যায়। প্রথমে তাঁরা চেষ্টা করেছিলেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর গরুটিকে উদ্ধার করেন
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে নালার এক পাশের মাটি সরিয়ে ফেলেন তাঁরা। এরপর ড্রিল মেশিন দিয়ে নালার একটি দেয়াল ভেঙে ফেলা হয়। পরে গরুটি উদ্ধার করা হয়। কোরবানির গরু উদ্ধার করতে পেরে অনেক খুশি ওমর বিন ওসমান।