দ্বৈত শাসন বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির ক্ষমতা এককভাবে সুপ্রিম কোর্টের হাতে না থাকায় ‘দ্বৈত শাসন’ সৃষ্টি হচ্ছে জানিয়ে ১৯৭২-এর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণের নয় বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার দেওয়া এক বাণীতে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তাঁর এই বাণী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ পৃথক্‌করণ বিষয়ে আজ মঙ্গলবার তিনি বক্তব্য দেবেন।
বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর ওই বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। অপরদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মতো বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিচারকার্যে বিঘ্ন ঘটে এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়। উল্লিখিত প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন হওয়া সময়ের দাবি। ওই বিধানটি পুনঃপ্রবর্তন করলে বিচার বিভাগের স্বাধীনতা আরও সমুন্নত ও সংহত হবে এবং বিচার বিভাগের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের মূল সংবিধানে বিচার বিভাগ পৃথক্‌করণের বিষয়টি স্পষ্ট থাকলেও প্রকৃতপক্ষে পৃথক্‌করণের জন্য অতীতে আন্তরিকভাবে উদ্যোগ গৃহীত হয়নি। বরং সামরিক সরকারের অবৈধ হস্তক্ষেপে বিচার বিভাগের স্বাধীনতা বিভিন্ন সময় লঙ্ঘিত হয়েছে।’

১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।

অবকাঠামোর সংকট: আপিল বিভাগের একটি ঐতিহাসিক রায়ের মাধ্যমে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে যাত্রা শুরু করে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বাণীতে বলেন, ‘তীব্র অবকাঠামোগত সমস্যা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনের মাধ্যমে দ্রুত ও গুণগত বিচার নিষ্পত্তি নিশ্চিত করার ফলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ক্রমশ বাড়তে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নয় বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি ম্যাজিস্ট্রেসির জন্য পূর্ণাঙ্গ অবকাঠামোগত স্থাপনা নির্মিত হয়নি। ৪২ জেলায় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণ প্রকল্প গৃহীত হলেও এ পর্যন্ত মাত্র ৪টি জেলায় ভবন আংশিক হস্তান্তর করা হয়েছে। ৮টি জেলায় ভবন নির্মাণকাজ শেষ হলেও তা এখনো ব্যবহারোপযোগী হয়নি। ২১টি জেলায় নির্মাণকাজ ধীরগতিতে চলছে। ৯টি জেলায় ভবন নির্মাণের কাজ শুরুই হয়নি। ২৫টি জেলা জজ আদালতের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলশ্রুতিতে ১৭০ জন বিচারককে এজলাস ভাগাভাগি করে বিচারকাজ করতে হচ্ছে। এতে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করা যাচ্ছে না, যা মামলা নিষ্পত্তিতে বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্ন জেলা আদালত পরিদর্শনকালে লক্ষ করেছি, নির্মাণকাজে গতিসঞ্চারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি।’

বিচারক বা সহায়ক কর্মকর্তা বাড়েনি: প্রধান বিচারপতি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মামলার সংখ্যা আগের তুলনায় বহুলাংশে বাড়লেও সে তুলনায় আদালত, বিচারক বা আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বাড়ানো হয়নি। আবার নানা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে অনেক ক্ষেত্রে সহায়ক কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদ পূরণ বিলম্বিত করা হয়।

বিচারকের শূন্যপদ: প্রধান বিচারপতি বাণীতে বলেছেন, নিম্ন আদালতের বিচারকের অনুমোদিত পদ ১ হাজার ৬৫৫, এর মধ্যে ৩৮৭টি পদ শূন্য রয়েছে। অবশিষ্ট ১ হাজার ২৬৮ জন বিচারক দিয়ে ২৭ লাখ মামলা নিষ্পত্তি করা অসম্ভব। তা ছাড়া প্রতিদিন নতুন মামলা দায়ের হচ্ছে। সংগত কারণে বর্তমানে শূন্যপদে দ্রুত বিচারক নিয়োগ দেওয়া আবশ্যক। বিদ্যমান বিচারক সংখ্যা কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধি করলে মামলা দায়ের এবং নিষ্পত্তির মধ্যে ব্যবধান বহুলাংশে কমে আসবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

বাণীতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্‌করণের নয় বছর পূর্তি উপলক্ষে দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বিচার বিভাগসংশ্লিষ্ট সবাইকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নিরন্তর প্রচেষ্টাকে সাধুবাদ জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন বলে মামলা নিষ্পত্তির হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে বিচারকদের মামলা দায়ের ও নিষ্পত্তির পরিমাণের ব্যবধান শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে হবে।